‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুই দিনে ছয় মামলা
ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী মারুফ হোসেনের বিরুদ্ধে দুই দিনে ছয়টি মামলা হয়েছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করা হয়েছে’—এ অভিযোগে মারুফ হোসেনকে নগরকান্দায় অবাঞ্ছিত ঘোষণার পর গত রবি ও সোমবার এসব মামলা দায়ের করা হয়।থানা সূত্রে জানা গেছে, ৭ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান সর্দার মারুফ হোসেনের বিরুদ্ধে প্রথম মামলাটি করেন। এতে তিনি ৪ আগস্ট উপজেলা পরিষদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টাকে কটাক্ষ করেছেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন—এই মর্মে অভিযোগ আনেন। একই দিন একই অভিযোগে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন মিয়া ও চর যশোহরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ওহেদুল বারী। তবে বারী মানহানির মামলার পাশাপাশি মারুফ হোসেন তাঁকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছেন মর্মেও অভিযোগ এনেছেন। ৮ আগস্ট একই ধরনের তিনটি মামলা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আক্কাস আলী ও তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান। এর মধ্যে তৈয়বুর রহমানের এজাহারে মারুফ হোসেনের বক্তব্যে প্রধানমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টার এক কোটি ৫৫ লাখ টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়। আক্কাস আলীর এজাহারে ছোরা বের করে মারুফ তাঁকে মারতে এসেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস ছয়টি মামলার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে।এ বিষয়ে মারুফ হোসেন বলেন, ‘আমি নব্য আওয়ামী লীগারদের ষড়যন্ত্রের শিকার। আমাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত হিসেবে মিথ্যা অভিযোগ দিয়ে আমার নামে নাটক সাজানো হয়েছে। এই চক্র আমার কার্যালয় থেকে আসবাবপত্র সরিয়ে তালা দিয়েছে।’৬ আগস্ট নগরকান্দায় উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এক প্রতিবাদ সভা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যানকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়। ৭ আগস্ট প্রথম আলোয় ‘নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।