'অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা চরমে'
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকায় পৌর নির্বাচন কতটুকু অবাধ ও শান্তিপূর্ণ হবে তা নিয়ে আশঙ্কা এখন চরম আকার ধারণ করেছে। সারা দেশে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব, হত্যাকাণ্ড ও বিএনপির মেয়র প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার পরও কমিশন নির্বিকার।’
আজ শুক্রবার এক বিবৃতিতে রিজভী এই আশঙ্কা ব্যক্ত করার পাশাপাশি নড়াইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, ‘ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সাইফুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতা কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এলাকায় আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে।’
তিনি বলেন, ‘শরিয়তপুর সদর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পৌর নির্বাচনী গণসংযোগের সময় গতকাল সন্ধ্যায় হামলা চালানো হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরীকে গণসংযোগ করার সময় আওয়ামী সন্ত্রাসীরা বাধা দেয় এবং তাঁর সঙ্গে থাকা টাকা পয়সাসহ মূল্যবান সব সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। উল্লাপাড়ায় প্রচারণার সময় গাড়িবহরে হামলা করে ২/৩টি গাড়ি ভাঙচুর করা হয়। প্রার্থীকে অবরুদ্ধ করে রাখলে, পরে ম্যাজিস্ট্রেট গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। রাজশাহীর নওহাটা পৌর এলাকায় ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হামলা ও হুমকি দিচ্ছে।’
এ ছাড়া বিভিন্ন পৌর এলাকায় বিএনপির গণসংযোগে বাধা এবং বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।