'অবাধ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের শাসনামলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, গণমাধ্যমে প্রতিদিনই সরকারের ত্রুটি ও সমালোচনা প্রকাশিত হচ্ছে। সেই সমালোচনা সহ্যের ধৈর্যও সরকারের আছে।
সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে গত শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি ‘অবাধ স্বাধীনতার নামে’ সাম্প্রদায়িক উসকানি, মিথ্যাচার ও ব্যক্তির চরিত্র হনন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চ্যানেল ওয়ান আদালতের আদেশে বন্ধ হয়েছে। আদালতের আদেশের বিষয়ে মন্তব্য করব না। দিগন্ত টিভি ও ইসলামিক টিভি খুলে দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।’
সভায় তথ্যমন্ত্রী জানান, সরকার সমন্বিত সাইবার আইন প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। আইনের খসড়া তৈরির পর তা নিয়ে এখন পর্যালোচনা হচ্ছে। আইন প্রণয়নের কাজ শেষ হলে সাইবার-জগতে মানুষের নিরাপত্তা আর হুমকিতে পড়বে না।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।