‘অবিচার হলে সুবিচার পায় না আদিবাসীরা’
‘অবিচার হলে সুবিচার চাই—কিন্তু আমরা আদিবাসীরা সুবিচার পাই না!’ এ অভিযোগ সিলেটে বসবাসরত আদিবাসীদের। আদিবাসী এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশে ওই অভিযোগ করেন। ২৬ মে রাতে সিলেট শহরতলির দলইপাড়ায় স্বামীকে বেঁধে রেখে আদিবাসী গৃহবধূকে (২৫) ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের ছয়টি আদিবাসী সংগঠন গতকাল সকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যৌথভাবে মানববন্ধন করে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে সিলেট শহরতলির দলইপাড়ায় বসবাসকারী আদিবাসী নারীসহ আয়োজক সংগঠন—পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ, একডো, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সুবিধাবঞ্চিত নাগরিক ফোরাম, কুশিরগুল আদিবাসী নারী উন্নয়ন ও আদিবাসী পাত্র সম্প্রদায় ছাত্র-যুব সংগঠনের নেতারা বক্তব্য দেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম ও মানবাধিকার সংগঠন ব্লাস্টের সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতারা মানববন্ধনে একাত্ম হন। মানববন্ধন চলাকালে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পেশ করা স্মারকলিপি পাঠ করা হয়। বক্তব্য দেন আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, লক্ষ্মীকান্ত সিংহ, নিঝুম সাংমা, ডানেস সাংমা, রিন্টু পাত্র, সুমেলা পাত্র। বক্তারা বলেন, দেশের বৃহত্তম জাতিগোষ্ঠীর চেয়ে আদিবাসীরা অতি সহজ ও নিরীহ প্রকৃতির। আমরা আদিবাসীরা এ দেশের নাগরিক। তা সত্ত্বেও নানাভাবে নিগৃহীত হচ্ছি। খুন-ধর্ষণ-নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সুবিচার পাচ্ছে না আদিবাসীরা। অবিচার হলে সুবিচার পায় না। গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সুবিচার নিশ্চিত করুন।