'অবিন্তা কবির ফাউন্ডেশনের' কার্যালয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের স্মরণে গঠিত ‘অবিন্তা কবির ফাউন্ডেশনের’ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর শাহজাদপুরে অবস্থিত ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুবা আহমেদ। ছবি: আবদুস সালাম
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুবা আহমেদ। ছবি: আবদুস সালাম

উদ্বোধনী অনুষ্ঠানে অবিন্তা কবিরের মা রুবা আহমেদ বলেন, ‘অবিন্তা নেই, কিন্তু এই ফাউন্ডেশনের নানান কাজের মধ্য দিয়ে তার উপস্থিতি থাকবে। অবিন্তা বিশ্বাস করত, বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে তার জন্ম। তরুণ বয়সেই অবিন্তা স্বপ্ন দেখেছিল শিক্ষা নিয়ে কাজ করতে, বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, নারীদের জন্য কাজ করতে।’ রুবা বলেন, অবিন্তার স্বপ্ন পূরণে কাজ করবে এই ফাউন্ডেশন। গত এক বছরে এই ফাউন্ডেশন সাতটি বিদ্যালয় স্থাপন করেছে, গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সাইবার সেন্টার ও আর্কাইভ করা হয়েছে। তিনি জানান, অবিন্তা কবির ফাউন্ডেশন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও প্রতিবেশী দেশের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করবে।

ফাউন্ডেশনের কার্যালয়ে রাখা হয়েছে অবিন্তার বিভিন্ন স্মৃতিচিহ্ন। ছবি: আবদুস সালাম
ফাউন্ডেশনের কার্যালয়ে রাখা হয়েছে অবিন্তার বিভিন্ন স্মৃতিচিহ্ন। ছবি: আবদুস সালাম

মেয়ের স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুবা। বলছিলেন, অবিন্তা তাঁর আত্মার সঙ্গী। অবিন্তাকে নিয়ে তিনি গর্বিত। এ সময় তিনি অবিন্তার সঙ্গে জঙ্গি হামলায় নিহত তাঁর বন্ধু ফারাজ আইয়াজ হোসেন ও তারিশি জৈনকে স্মরণ করেন।

অবিন্তা কবিরের দাদা মঞ্জুর মোর্শেদ বলেন, অবিন্তা যখন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখন তিনি জানতে চেয়েছিলেন অবিন্তা দেশে ফিরে কী করতে চান। জবাবে অবিন্তা বলেছিলেন, তিনি দেশে ফিরে অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, যে প্রতিষ্ঠান বিশেষত শিশুদের পড়ালেখার জন্য কাজ করবে। তাঁর স্বপ্ন পূরণে অবিন্তা কবির ফাউন্ডেশন নাটোরে পাঁচটি এবং ঢাকায় দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তিনি আগে অবিন্তাকে চিনতেন না। অবিন্তার মায়ের আর্তনাদ, ক্রন্দনের মাধ্যমে তিনি তাঁকে চিনেছেন। অবিন্তার পরিবার–পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, এই তরুণ বয়সে অবিন্তার চিন্তাভাবনা কী তীক্ষ্ণ ছিল। শাহীন আনাম বলেন, অবিন্তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এখন ফাউন্ডেশনের বিদ্যালয়ের শিশুদের মধ্যেই অবিন্তাকে দেখা যাবে।

অনুষ্ঠানে আসা এক অতিথি ঘুরে ঘুরে দেখেন মাকে লেখা অবিন্তার ভালোবাসার কথা। ছবি: আবদুস সালাম
অনুষ্ঠানে আসা এক অতিথি ঘুরে ঘুরে দেখেন মাকে লেখা অবিন্তার ভালোবাসার কথা। ছবি: আবদুস সালাম

গত বছরের ১ জুলাই গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন অবিন্তা কবির। তাঁর স্মৃতিতে চলতি বছরের ৪ মার্চ প্রতিষ্ঠা করা হয় ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন শিক্ষাবঞ্চিত শিশু, অ্যাসিডদগ্ধ নারী, অ্যাথলেট ও দরিদ্র পরিবারের সহায়তায় কাজ করবে।