‘অবৈধ উপার্জন বন্ধের আশঙ্কায় ভূমিদস্যুরা আজ বেসামাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইল্ড এরিয়া প্ল্যান—ড্যাপ) বিরোধী অপপ্রচার অবিলম্বে বন্ধ করার দাবি উঠেছে। গতকাল শুক্রবার আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন পরিবেশ, মানবাধিকার ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ দাবি তোলা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন থেকে দ্রুত ড্যাপ বাস্তবায়ন করে নিরাপদ ও বসবাসযোগ্য রাজধানী গড়ে তোলার দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা ঢাকার চারপাশে দখল হয়ে যাওয়া জলাভূমি থেকে ভূমিদস্যুদের অবিলম্বে উৎখাত, জমি দখল ও ভরাট বন্ধ, ভূমিদস্যুদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাদের বিচার এবং অবিলম্বে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পুনর্গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ একাধিক বক্তা ঢাকা মহানগরের ভারসাম্যপূর্ণ ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপের অনুমোদন এবং গেজেট আকারে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, এতে আবারও এ বিষয়টি প্রকাশ পেয়েছে যে প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব পরিকল্পিত নগর প্রতিষ্ঠায় আন্তরিক। ড্যাপের পূর্ণ বাস্তবায়ন হলে তা প্রমাণিত হবে।বক্তারা বলেন, পরিকল্পিত ও সমাজের সর্বস্তরের জনমানুষের স্বপ্নের শহরের পরিকল্পনা দেখে লুটেরা ভূমিদস্যুদের ভালো লাগছে না। অপকর্ম এবং অশুভ ও অবৈধ প্রক্রিয়ায় অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এখন বেসামাল হয়ে পড়েছে। তাই তারা বর্তমান ড্যাপ বাতিল করে তাদের সুবিধামতো একটি ত্রুটিপূর্ণ ও তথাকথিত জনগণের ‘ড্যাপ’ তৈরির দাবিতে মত্ত হয়েছে। তারা গণমাধ্যমে ব্যাপক প্রচারণা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও ভাড়াটে লোকজন দিয়ে ড্যাপবিরোধী মিছিল বের করে একটা ‘আন্দোলন’-এর আবহ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, ভূমিদস্যুদের প্রধান লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, আন্তমন্ত্রণালয় কমিটি ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ‘ড্যাপ’ সম্পূর্ণ বাতিল করা, যা হলে মহানগরের সার্বিক পরিবেশ, নিরাপত্তা, সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে।ড্যাপ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে সমাবেশে বক্তারা বলেন, কিছু অর্থলিপ্সু ও স্বার্থান্বেষী ব্যবসায়ী ছাড়া সচেতন দেশবাসী আজ একমত যে, অপরিকল্পিত উন্নয়নের ভারে ন্যুব্জ ঢাকা মহানগরকে বাসযোগ্য রাখতে হলে এর কোনো বিকল্প নেই। তাঁরা বলেন, সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় আজ কারও বুঝতে বাকি নেই যে এখনই সতর্ক না হলে এবং অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনাকে বিধিবদ্ধভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে নগরবাসী যেকোনো মুহূর্তে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাপা, খিলগাঁও সামাজিক সংস্থা, সিটিজেন রাইটস মুভমেন্ট, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, নাগরিক উদ্যোগ, গ্রীন ভয়েস, ডব্লিউবিবি ট্রাস্ট, সিডাস, সৎকার সেবা সমিতি, সিএলএনবির নেতা ও প্র্রতিনিধিরা।