‘অবৈধ গ্যাস-সংযোগ দেন তাঁরাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের বিভিন্ন বাসাবাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ থাকার কথা স্বীকার করেছেন তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। তিতাস গ্যাসের একটি দল সম্প্রতি সাভারের জয়নাবাড়ী এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গণপিটুনির শিকার হন। অবৈধ লেনদেনের বিনিময়ে গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়টি তখন ফাঁস হয়ে যায়।গত বৃহস্পতিবার অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া গ্রাহকদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছেন তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের ব্যবস্থাপক খন্দকার আবদুস সবুর। মামলার এজাহারে অবৈধ সংযোগ প্রদানে তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা-কর্মচারী সহযোগিতা করেছেন বলে উল্লেখ করা হয়।অবৈধ লেনদেনের বিনিময়ে নিয়ম ভঙ্গ করে গ্যাস-সংযোগ প্রদানের বিষয়টি স্বীকার করে তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের উপব্যবস্থাপক আবু সাদাৎ মোহামঞ্চদ সায়েম বলেন, তিতাসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের ব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়, সাভার উপজেলায় বাসাবাড়িতে সংযোগ নেওয়া গ্রাহকের সংখ্যা ৩৫ হাজার। এসব গ্রাহককে ৮৪ হাজার চুলা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আর শিল্প-কারখানায় সংযোগ রয়েছে প্রায় ৭০০। ২০১০ সালের জুলাই মাসের আগে এসব সংযোগ দেওয়া হয়। ওই বছরের ১৩ জুলাই থেকে নতুন সংযোগ প্রদান বন্ধ রয়েছে। কিন্তু সরকারি এই সিদ্ধান্তের পরও তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দিলেই পাওয়া যায় সংযোগ। মেলে অনুমোদনের অতিরিক্ত চুলা জ্বালানোর অনুমতি। তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের তথ্য অনুযায়ী, শুধু সাভারের জয়নাবাড়ী এলাকার পাঁচটি বাড়িতেই অনুমোদনের অতিরিক্ত ৬০টি চুলার সন্ধান পাওয়া গেছে। ওই এলাকায় আরও বাড়িতে অবৈধ সংযোগ ও চুলা ব্যবহারকারী রয়েছে বলে ধারণা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।জয়নাবাড়ী এলাকার একটি পাঁচতলা ভবনের মালিক হাজি সাদেক আলী। ২০১০ সালের এপ্রিল মাসে তাঁর বাড়িটি একতলা থাকা অবস্থায় তিনি নিজে ও তাঁর ছেলে আবদুর রহমানের নামে গ্যাসের দুটি সংযোগ নিয়ে আটটি চুলা ব্যবহারের অনুমোদন নেন। পরবর্তী সময়ে ভবনটি পাঁচতলায় উন্নীত করার পর তিনি আরও ১১ চুলা বাড়িয়ে ১৯টি চুলা ব্যবহার করছেন। কিন্তু পরের ১১টি চুলা ব্যবহারের কোনো অনুমোদন নেই।হাজি সাদেক আলীর ভাষ্যমতে, তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ নাসির উদ্দিন, জুনিয়র টেকনিশিয়ান গিয়াস উদ্দিন ও সুপারভাইজার মেজবা উদ্দিনকে ১০ লাখ টাকা দিয়ে তিনি অনুমোদনের অতিরিক্ত ১১টি চুলা ব্যবহার করছেন।সৈয়দ নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন ও মেজবা উদ্দিন তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সরাসরি কোনো উত্তর দেননি। তাঁদের বক্তব্য, তিতাসের কর্মকর্তাদের ইন্ধন ছাড়া অবৈধ সংযোগ এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার করা সম্ভব নয়। অবৈধ সংযোগের বিনিময়ে তিতাসের অনেক কর্মকর্তা-কর্মচারী বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বলে তাঁরা জানান।ওই তিনজন উল্টো অভিযোগ করেন, তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল ওয়াহাব তালুকদারের একান্ত সহকারী (পিএস) সুলতান আহামেঞ্চদ অবৈধ লেনদেনের বিনিময়ে সাভারের গেণ্ডা এলাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।সরেজমিনে গিয়েও সুলতান আহামেঞ্চদের বিরুদ্ধে তিতাসের কর্মচারীদের ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিন্তু এসব অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি সুলতান আহামেঞ্চদ।তবে ডিজিএম মো. আবদুল ওয়াহাব তালুকদার তাঁর একান্ত সহকারীর বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। অবৈধ সংযোগ ও অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের কথা স্বীকার করে তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের ব্যবস্থাপক খন্দকার আবদুস সবুর বলেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর মাসে গড়ে ৮০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এ ছাড়া জরিমানাও করা হচ্ছে অবৈধ ব্যবহারকারীদের।