'অবৈধ নিয়োগ' বাতিলের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী পাবলিক পাইলট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ‘অবৈধ নিয়োগ’ বন্ধের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন সিলেটে বসবাসরত শাল্লার কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। গতকাল শনিবার নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ দাবিতে তাঁরা মানববন্ধন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে ‘শিক্ষানুরাগী সচেতন শাল্লাবাসী, সিলেট’-এর ব্যানারে মানববন্ধন হয়। এতে সিলেটে বসবাসরত শাল্লার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ‘সর্বস্তরের শিক্ষানুরাগীদের গণস্বাক্ষর’ নিয়ে শিগগিরই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন শেষে এক আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শাল্লার ওই উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিয়োগ বাতিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, ওই উচ্চবিদ্যালয়টি উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ কয়েক বছর ধরে ধারাবাহিক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির ঐতিহ্য বিনষ্ট করা হয়েছে।
১৩ নভেম্বর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ মোহাম্মদ দুলাল ওই উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনীমোহন দাস ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। অবনীমোহন দাস ওই নেতাকে প্রধান শিক্ষক পদে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন দাবি করে উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তিরা আন্দোলন শুরু করেন। তবে ওই প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থা কমিটির চেয়ারম্যান তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।