'অবৈধ যানবাহনের কারণে মহাসড়কে যানজট হচ্ছে'
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবৈধ যানবাহনের কারণে মহাসড়কে এখনো যানজট হচ্ছে। তিনি বলেন, গাজীপুরের সালনা এলাকায় পুরোনো মাইক্রোবাস কেটে অবৈধ যান তৈরি করা হচ্ছে। ১২-১৪ বছরের শিশুরা এসব গাড়ি চালাচ্ছে। একটি চক্র এসব কাজ করছে।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এসব অবৈধ যানবাহন বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মন্ত্রী গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে ভাসমান দোকানপাট উচ্ছেদেরও নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘পুরোনো গাড়ি, ট্রাক, অবৈধ লেগুনা ও অটোরিকশা যদি মহাসড়ক দখল করে থাকে, তবে মহাসড়ক চার লেন করে লাভ কী? সরকারের কোটি কোটি টাকা খরচ করে এসব লেন বাড়িয়ে লাভ কী?’
মন্ত্রীর মহাসড়ক পরিদর্শনের সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা সুলতান উদ্দিন আহমেদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।