'অবৈধ সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রের আবরণে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে অবৈধ সরকার। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিও পালনে বাধা দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরাও আজ নিরাপদ নন। দিনদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়েছে। অথচ সরকার এ ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক টিংকু দাশসহ সব নেতার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতারা এ কথা বলেন। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের প্রবর্ত্তক মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র হিন্দু ফোরাম।
মানববন্ধন কর্মসূচিতে নগর বিএনপির নেতারা বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার ক্ষমতায় আসার পর দেশে একদলীয় বাকশাল কায়েম করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। পাঁচ শতাংশের এই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দিনদুপুরে স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী গুম হন। এখনো পর্যন্ত তাঁকে উদ্ধার বা সন্ধান করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।
বক্তারা বলেন, স্বর্ণ ব্যবসায়ীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিসহ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর পরও ব্যবসায়ী মুদুল চৌধুরীকে উদ্ধারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। অবিলম্বে স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে উদ্ধার করে তাঁর পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন চৌধুরী।