'অবৈধ সুবিধা না পেয়েই উপাচার্যের বিরুদ্ধে কুৎসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠনের করা বিভিন্ন অভিযোগ ও তাঁর অপসারণ দাবি করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কথিত মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাঁর পদত্যাগ দাবি করে। প্রকাশিত সংবাদটিতে উপাচার্যের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কাজেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবাদটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত সত্য হচ্ছে সংবাদ সম্মেলনে যেসব ব্যক্তি উপস্থিত ছিলেন তাঁদের অনেকেই নানা সময়ে উপাচার্যের কাছে বিভিন্ন অবৈধ ও অযৌক্তিক দাবি-দাওয়া নিয়ে এসেছিলেন। উপাচার্য সেসব অযৌক্তিক দাবি-দাওয়া ও অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে তদবির করা থেকে বিরত থাকার জন্য তাঁদের পরামর্শ দেন। ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পেরে তাঁরা উপাচার্যের বিরুদ্ধে এসব মিথ্যা ও কুৎসা রটনায় লিপ্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম নিজে অন্তর্ভুক্ত করেননি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে উপাচার্যের নাম একজন মুক্তিযোদ্ধা হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামের সংগঠনটি। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির নেতা মোহাম্মদ ইদ্রিছ। লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করা হয়।