'অবৈধ' অংশ ভাঙতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থলের পূর্ব দরগা গেট এলাকায় নির্মাণাধীন রিজ টাওয়ারের ‘অবৈধ’ অংশ ভেঙে ফেলার জন্য নোটিশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। নোটিশে ‘বিধিবহির্ভূত’ অংশ চিহ্নিত করে সাত দিনের মধ্যে তা অপসারণ করতে বলা হয়। এদিকে ভবনের মালিক সিটি করপোরেশনকে পাল্টা আইনি নোটিশ দিয়ে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা নাসিম আহমদের মালিকানাধীন পূর্ব দরগা গেট এলাকার ২১ দশমিক ৮৫ শতক জায়গাজুড়ে ২৪ তলার অনুমোদন নিয়ে সিলেটের সবচেয়ে উঁচু ভবন রিজ টাওয়ার নির্মাণকাজ ২০১০ সালে শুরু হয়। ইতিমধ্যে ১৪ তলা পর্যন্ত নির্মিত হয়েছে। সিটি করপোরেশন ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলতে গত ৫ আগস্ট মালিককে নোটিশ দেয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ‘বিধিবহির্ভূত’ অংশ অপসারণ করা না হলে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নাসিম আহমদের পক্ষ থেকে ১৮ আগস্ট সিটি করপোরেশনকে আইনি নোটিশ পাঠানো হয়। এতে ভবনের নির্মাণ যথাযথ হচ্ছে বলে দাবি করা হয় এবং এ ধরনের নোটিশ পাঠানো ‘মানহানিকর’ বলে অভিহিত করা হয়।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, নগরের প্রধান সড়ক টাওয়ারের পশ্চিম দিকে। পশ্চিম দিক ছাড়া বাকি তিন দিকের কেন্টিলিভার (পিলার ছাড়া বর্ধিত অংশ) দুই ফুট করে বাড়ানো, যা ভবনের নকশায় ছিল না।
নকশায় এমনটি ছিল না বলে নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, এটা স্পষ্টত ইমারত বিধিমালা লঙ্ঘন।
নির্মাণকাজ যথাযথভাবে হচ্ছে বলে দাবি করে নাসিম আহমদ প্রথম আলোকে বলেন, ‘নির্মাণকাজ চলার প্রায় তিন বছর পর সিটি করপোরেশনের এমন নোটিশে আমি হতবাক।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ার পর নকশা ও বাস্তবতা পর্যবেক্ষণ করে নোটিশ দেওয়া হয়েছে। এখন আমরা আইনি নোটিশের জবাব দিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’