‘অবৈধ’ করাতকলে বিদ্যুৎসংযোগ!
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় বেশ কিছু ‘অবৈধ’ করাতকলে বিদ্যুৎসংযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে গাছ চেরাইয়ের কাজ চলছে। বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।বন বিভাগ সূত্র জানায়, করাতকল স্থাপনের ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট ফরম পূরণ করে সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বরাবর আবেদন করতে হয়। এর পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে ডিএফও এক বছর মেয়াদি (নবায়ন সাপেক্ষ) অনুমতিপত্র দেন। পরবর্তী সময়ে ওই অনুমতিপত্র যুক্ত করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বরাবর আবেদন করলে সংযোগ দেওয়া হয়। এ ছাড়া ১৯৯৮ সালের করাতকল বিধিমালায় সংরক্ষিত বন এলাকার ১০ এবং উপজেলা সদরের এক কিলোমিটারের অভ্যন্তরে কোনো করাতকল স্থাপন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।সূত্র জানায়, উল্লিখিত বিধিমালা অনুযায়ী কুলাউড়ায় ২২টি ও জুড়ীতে ১১টি করাতকল ‘অবৈধ’ হওয়ায় সেগুলো বন্ধে কয়েক বছর আগে বন বিভাগ মালিকদের চিঠি দেয়। কিন্তু মালিকেরা উচ্চ আদালতে রিট করায় বন বিভাগ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না। অথচ এসব প্রতিষ্ঠানে বিদ্যুৎসংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গাছ চেরাই করা হচ্ছে। সূত্র জানায়, ‘অবৈধ’ করাতকলগুলোতে আশপাশের সংরক্ষিত বন থেকে পাচার করে আনা বিভিন্ন জাতের গাছ চেরাই করার অভিযোগ আছে। বন বিভাগ প্রায়ই এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ কাঠ আটক করে।এ ব্যাপারে জানতে কুলাউড়া ও জুড়ীর একাধিক করাতকল মালিকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এস এম হারুন ও কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, ‘অবৈধ’ করাতগুলোতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে তাঁদের কার্যালয় থেকে একাধিকবার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সম্প্রতি তিনি যোগদানের পর নথিপত্র ঘাঁটাঘাঁটি করে বন বিভাগের পাঠানো কোনো চিঠি পাননি। ‘অবৈধ’ করাতকলের তথ্য চেয়ে তিনি দুই-তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের কাছে চিঠি দেবেন। পরবর্তী সময়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিডিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী মো. নাঈমুল হোসেন প্রথম আলোকে জানান, বন বিভাগের লাইসেন্স (অনুমতিপত্র) ছাড়া কোনো করাতকলে বিদ্যুৎসংযোগ দেওয়ার নিয়ম নেই।