'অবৈধ' বাংলাদেশি ঠেকাতে নিবন্ধন হালনাগাদ করবে মোদি সরকার
ভারতের নরেন্দ্র মোদি সরকার দেশটির জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) হালনাগাদকরণের ওপর গুরুত্ব দিচ্ছে৷ আসাম রাজ্যে বসবাসরত ‘অবৈধ’ বাংলাদেশিদের সংখ্যা নিরূপণে এই প্রকল্প হাতে নেওয়া হয়৷
দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার আসাম রাজ্য সরকারকে ২৬৯ কোটি রুপি বরাদ্দ দেয়৷ প্রকল্পটি পাস করা হয়েছিল ২০০৫ সালে এবং উদ্বোধন করা হয় ২০১০ সালে৷ কিন্তু তখন রাজ্যের বারপেটা জেলায় সহিংসতা ও বিক্ষোভের মুখে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে৷
নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নতুন সরকার ওই প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করছে৷ ইতিমধ্যে প্রকল্পের জন্য নতুন সুপারিশমালা তৈরি সম্পন্ন হয়েছে৷ রাজ্য সরকারের জন্য অর্থও ছাড় করা হয়েছে৷
ভারতে বসবাসরত ‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসীদের ঠেকানোর বিষয়ে লোকসভা নির্বাচনী প্রচারণার সময় নরেন্দ্র মোদি একাধিকবার বক্তব্য দিয়েছেন৷ মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকারও এ বিষয়ে জোর দিচ্ছে৷ টাইমস অব ইন্ডিয়া৷