‘অভই হামনি নিগাদ পানি পিয়েনিজা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামনি গাঙকে পানি পিয়েনিজা (আমরা ছড়ার পানি পান করি)।’ বিশুদ্ধ পানি পানের প্রশ্নে সিলেটের চা-শ্রমিকদের কাছ থেকে এ রকম উত্তরই শোনা যেত কিছুদিন আগেও। টিলা থেকে সমতলে নেমে আসা আঁকাবাঁকা ছড়াগুলোকে এসব চা-শ্রমিক ‘গাঙ’ বলেন। এসব গাঙই ছিল তাঁদের কাছে সবচেয়ে বিশুদ্ধ পানির উৎস।আধুনিক ব্যবস্থায় নিরাপদ ও বিশুদ্ধ পানি পানের সুযোগ পাওয়ায় চা-শ্রমিকদের মনে বদ্ধমূল সেই পুরোনো ধারণার বদল ঘটছে। চা-বাগানের পল্লিগুলোতে কুয়ার সঙ্গে গভীর নলকূপ যুক্ত করে দেওয়ায় তাঁদের আর ছড়ার পানি পান করতে হচ্ছে না। আনন্দের সঙ্গে খবরটি জানিয়ে সিলেটের চা-বাগানপল্লি লাক্কাতুরার বাসিন্দা গীতা ছত্রী বলেন, ‘অভই হামনি নিগাদ পানি পিয়েনিজা’ (এখন আমরা বিশুদ্ধ পানি পান করি)। শুধু লাক্কাতুরা নয়, সিলেটের দলদলি, ছড়াগাঙ ও বড়জান চা-বাগানের পল্লিতেও কুয়ার সঙ্গে পাম্প কিংবা গভীর নলকূপ যুক্ত করে পাইপলাইনের মাধ্যমে করা হয়েছে ছড়ার পানি শোধনের ব্যবস্থা। ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে ও সিলেটের বেসরকারি সংস্থা আইডিয়ার ব্যবস্থাপনায় ‘ওয়াশ ফর টি গার্ডেন ওয়ার্কাস’ প্রকল্পে চারটি বাগানের চা-পল্লিতে এই উদ্যোগ নেওয়ায় এখানকার শ্রমিকদের মধ্যে বিশুদ্ধ পানি পানের প্রবণতা বেড়েছে।গতকাল বুধবার দুপুরে লাক্কাতুরা ও দলদলিতে গিয়ে দেখা যায়, এখানকার বাসিন্দারা আর ছড়ার পানি ব্যবহার করছে না। দলদলির বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী সঞ্চিতা দাস জানায়, এত দিন সুযোগ না পেয়ে ছড়ার পানিই ব্যবহার করত সবাই। এই পানিকেই ‘ভালো’ জেনে ব্যবহার করত সবাই। এখন হাতের কাছে কল থাকায় কেউ আর ছড়ায় যায় না।প্রকল্প সূত্র জানায়, বাগানের চারটি পল্লিতে ৩৫টি গভীর নলকূপ ও পানির কল বসানোয় অন্তত ১০ হাজার চা-শ্রমিক পরিবার বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পেয়েছে। ২০১০ সালের অক্টোবর থেকে শুরু করা তিন বছর মেয়াদি এই প্রকল্প আগামী অক্টোবরে শেষ হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে কালাগুল ও কেওয়াছড়া চা-বাগানের পল্লিগুলোকে বিশুদ্ধ পানি ব্যবহারের আওতায় আনা হবে বলে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।দলদলিতে বিশুদ্ধ পানি ব্যবহারে গঠিত হয়েছে ‘পাম্প কমিটি’। নামমাত্র সদস্য ফি দিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানান কমিটির সভাপতি গণেশ দাস। তিনি জানান, এই পল্লিতে চারটি কুয়া ছিল। সবগুলোই অযত্নে পড়ে ছিল। পাম্প বসিয়ে এগুলো থেকেই বিশুদ্ধ পানি পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পানির সমস্যার সুরাহা হওয়ায় পল্লির বাসিন্দারাও সবাই খুশি। প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় পাম্প ছাড়া হয়। কমিটির সদস্য হতে নেওয়া ফি পাম্প মেরামতে ব্যয় করা হয়।তবে এই কমিটির মধ্য দিয়ে সীমিতসংখ্যক চা-শ্রমিকের পক্ষেই বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ হচ্ছে বলে মত প্রকাশ করেছেন সিলেটের চা-শ্রমকি সংগঠন সুরমা ভ্যালির সভাপতি শ্রীবাস মহালি। তিনি জানান, বাংলাদেশে ১৬৩টি চা-বাগান ঘিরে সাত লক্ষাধিক মানুষের বাস। এর মধ্যে পাঁচটি বাগান চট্টগ্রামে আর বাকিগুলো সিলেটে। সিলেটেই বাগানসংলগ্ন পল্লিগুলোতে ছয় লক্ষাধিক মানুষ বাস করে। এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীর অধিকাংশই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে চা-শ্রমিকনেতা মনে করেন।এ ব্যাপারে আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হক বলেন, ‘এই প্রকল্প চা-বাগানের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে যুক্ত করেই সম্পন্ন করা হচ্ছে। চা-পল্লির বাসিন্দাদের নিয়ে কমিটিও করা হচ্ছে। এখন যে কেউ চাইলে নিজ উদ্যোগেই বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নিতে পারে।’ তিনি আরও জানান, প্রথম দফায় চারটি চা-বাগানে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এখন দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। পরবর্তী সময়ে আরও বাগানে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।