'অভিবাসী না থাকলে যুক্তরাজ্যের কারি শিল্প টিকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে অভিবাসীরা না থাকলে সে দেশের প্রায় ৪০০ কোটি ডলারের কারি শিল্প টিকবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী। তিনি বলেন, আইনের কড়াকড়ির কারণে এ শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ লোকবল দেশটিতে আনা যাচ্ছে না।
গত সোমবার ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’-এর দশম আয়োজনের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের অভিবাসন নীতির সমালোচনা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মের উদ্দেশে এ কথা বলেন এনাম আলী। সেন্ট্রাল লন্ডনের বেটারর্সি পার্ক ব্যাঙ্কুয়েটিং হলে অনুষ্ঠিত হয় কারি অস্কারখ্যাত এই অ্যাওয়ার্ডসের সমাপনী। অনুষ্ঠানে যুক্তরাজ্যের সেরা রেস্টুরেন্টগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে, বিচারমন্ত্রী ক্রিস গ্রেইলিং, শিক্ষামন্ত্রী নিকি মর্গান, ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়াসহ ব্রিটিশ মূলধারার ব্যবসায়ী ও রাজনীতিবিদেরা বক্তব্য রাখেন।
ব্রিটিশ ভিসা প্রক্রিয়া বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে সরিয়ে নেওয়া প্রসঙ্গে এনাম আলী বলেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিরা, বিশেষ করে ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ভিসা প্রক্রিয়া ঢাকায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
জবাবে তেরেসা মে বলেন, তাঁর সরকারের অভিবাসন নীতির মূল্য লক্ষ্য মেধাবী ও দক্ষ কর্মীদের জন্য ব্রিটেনের দ্বার খোলা রাখা। ব্রিটিশ ভিসা প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরের পরও ভিসা-সংশ্লিষ্ট ৯০ শতাংশ সিদ্ধান্ত ১৫ কার্যদিবসের মধ্যে শেষ হচ্ছে। তিনি বলেন, কারি শিল্পকে রক্ষা ও এর প্রসারে তাঁর সরকার সহায়তা অব্যাহত রাখবে।