'অভিবাসী শ্রমিকদের দিকে একটু বেশি নজর দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, অভিবাসী শ্রমিকদের পেছনে সরকারের তেমন কোনো ব্যয় বা খরচ নেই। শ্রমিকেরা নিজেদের টাকা খরচ করে বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম করে দেশে ফেরে। শ্রমিকেরা সঞ্চয় করে, তবে তা দিয়ে সুনির্দিষ্ট আয়ের পথ তৈরি হয় না। এই শ্রমিকদের দিকে একটু বেশি নজর দিতে হবে। সরকারের যে কার্যক্রম চলছে তাতে অভিনবত্ব আনতে হবে।

আজ রোববার আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশে অর্থনীতি শক্তিশালীকরণে অভিবাসীদের অবদান’ শীর্ষক ছায়া সংসদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রার ৮ শতাংশ পাঠাচ্ছে অভিবাসী শ্রমিকেরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩-২০১৪ অর্থ বছরে করা এক গবেষণা অনুযায়ী, অভিবাসী শ্রমিকেরা ২ শতাংশের বেশি বিনিয়োগ করে না।

প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন তথ্য উপাত্ত উল্লেখ করে মসিউর রহমান বলেন, ব্যাংকটির পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে চালু হওয়ার কথা ছিল। তা হয়নি। অথচ এ ব্যাংককে পূর্ণাঙ্গ ব্যাংকের মতোই কর দেওয়া, সিএসআর এর আওতায় আসাসহ সব দায়দায়িত্ব পালন করতে হচ্ছে। বর্তমানে একটি সমীক্ষা হওয়া প্রয়োজন, ব্যাংকটি আসল উদ্দেশ্য পূরণের ক্ষমতা অর্জন করতে পেরেছে কি না বা ভবিষ্যতে পারবে কি না তা দেখা প্রয়োজন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ছায়া সংসদে সরকারি দলে ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। আর বিরোধী দলে ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছায়া সংসদের স্পিকারের আহ্বানে দর্শকদের মধ্য থেকে হ্যাঁ এবং না ভোটে সমান সমান সমর্থন পাওয়া যায়। তবে বিচারকদের রায়ে সরকারি দলের প্রস্তাব সংসদে গৃহীত হয়।