'অভিবাসীদের অবৈধ বলায় সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে'
অভিবাসীদের অবৈধ না বলে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলে মনে করেন সমাজবিজ্ঞানী সাব্বির আহমেদ। তিনি বলেন, ‘বিষয়টি উপআঞ্চলিক আলোচনার ভেতর নিয়ে আসতে হবে। অভিবাসীদের অবৈধ বলায় সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। তাঁদের অপরাধী হিসেবে দেখলে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা হবে না।’
আজ শনিবার এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে ‘বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সম্পর্ক’ শীর্ষক দুদিনব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।
একই অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘পানির প্রবাহ বিচ্ছিন্ন করা ঠিক নয়। এটা করলে প্রকৃতি বিরূপ আচরণ করবে। সমাজ ও রাষ্ট্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত না করে বরং তা দুই দেশের মধ্যে সমন্বয় করে সহাবস্থানে রাখা দরকার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম আলী আশরাফ বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অভিবাসী নিয়ে যে অভিযোগ, তা আসলে ‘পলিটিক্যাল ফুটবল’। নির্বাচনের সময় এ নিয়ে আলোচনা হয়, নির্বাচন শেষ হলে আর আলোচনা হয় না।
তাঁর মতে, আওয়ামী লীগ ক্ষমতায় আসায় পর প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে। এতে সহযোগিতার পরিবেশও সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।