‘অভিভাবক শ্রেষ্ঠ’ সেই বাবা পেলেন অটোরিকশা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রশাইতলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী শান্তারা ও তার রিকশাচালক বাবা সাইদুল ইসলামের পরিবারকে সহায়তার জন্য মার্কিনপ্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ব্যাটারিচালিত একটি অটোরিকশা দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর প্রথম আলোতে ‘অভিভাবক শ্রেষ্ঠ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খরতাপে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কনকনে শীত উপেক্ষা করে রোজ রিকশায় প্রতিবন্ধী মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে যাত্রী পরিবহনে নামতেন সাইদুল ইসলাম। বাবার এই দায়িত্ববোধে মুগ্ধ হয়ে স্কুল কর্তৃপক্ষ ২০১১ সালে শ্রেষ্ঠ অভিভাবকের পুরস্কার দেয় তাঁকে। মেয়েটির শারীরিক অক্ষমতাকে পাশ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা ও রিকশাচালক বাবার দায়িত্ববোধের গল্প পড়ে অনেকে পরিবারটিকে আর্থিক সহায়তাসহ চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেন।গতকাল সকালে পৌর শহরের আবদুল হাকিম স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ে সাইদুল ইসলাম ও শান্তারার হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান, আবদুল হাকিম স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন রায়, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হাকাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শান্তারার পরিবারকে নালিতাবাড়ীর ওষুধ ব্যবসায়ী মশিউর রহমান ২০ হাজার টাকা, ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গৌতম সিকদার পাঁচ হাজার টাকা, জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি হুইলচেয়ার ও কৃষক সরকার গোলাম ফারুক এক হাজার টাকা দেন। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে শান্তারাকে জামা, কাগজ-কলম, স্কুলব্যাগ, শান্তারার বাবার জন্য একটি শার্ট দেওয়া হয়।