'অভিযুক্তরা যত প্রভাবশালীই হোক, গ্রেপ্তার হবে'
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলা প্রসঙ্গে বলেছেন, অভিযুক্তরা কে, কি করেন সেটা দেখার সুযোগ নেই। তাঁরা যত প্রভাবশালীই হোন, তাঁদের গ্রেপ্তার হতে হবে।
আজ রোববার বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন ময়দানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মোখলেসুর রহমান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব এ কথা বলেন।
মোখলেসুর রহমান বলেন, জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি মনে করেন, এই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গেলে ভালো হবে, তবে তাঁরা সেই ব্যবস্থাই নেবেন।
ঢাকায় পুলিশের উপস্থিতিতে চা-দোকানদার বাবুল মাতুব্বরের গায়ে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে মোখলেসুর রহমান বলেন, ‘জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অমানবিক কাজে কেউ জড়িত হোক, তা আমরা চাই না। এ ঘটনায় আমরা বিব্রত। বিব্রতকর অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী মিয়া। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনসহ জেলা পর্যায়ের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।