'অভ্যাস ফিরাইতে পারি নাই'
‘দিনে রিকশা চালাই আর রাইতে সিঁধ খুঁইড়া চুরি করি। হুজুরের কাছ থেইক্কা দুইবার তদবির লইছি। হের পরও চুরির অভ্যাস ফিরাইতে পারি নাই।’
মুঠোফোন চুরির অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় আটক শহিদুল ইসলাম ওরফে সিঁধেল শহিদুল (৩২) গত বুধবার রাতে পুলিশের কাছে এভাবে স্বীকারোক্তি দেন। শহিদুল উপজেলার সাপলেজা গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে তাঁকে আটক করে পুলিশ।
থানা হাজতে আটক শহিদুল জানান, তিনি পেশায় রিকশাচালক। তবে মাঝেমধ্যে সিঁধ কেটে চুরি করেন। সাধারণত মুঠোফোন ও ঘরের হাঁড়ি-পাতিল চুরি করা তাঁর অভ্যাস।
সুযোগ পেলেই চুরি করেন। শহিদুল বলেন, ‘যে কয়বার চুরি করেছি প্রত্যেকবার ধরা পড়েছি। চোরাই মালসহ পুলিশ আমাকে অন্তত ২০ বার গ্রেপ্তার করেছে। ছাড়া পেয়ে আবার চুরি করছি। রাতে ঘুমাতে গেলে মন বলে চুরি করতে।’
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল আমিন বলেন, এ ধরনের মানুষ ‘ক্রিপ্টোম্যানিয়া রোগে’ আক্রান্ত মানসিক রোগী। অভিজাত পরিবারের মানুষের মধ্যেও এ ধরনের সমস্যা দেখা যায়।
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, শহিদুলকে চুরির অভিযোগে অনেকবার গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সে মিথ্যা কথা বলে না। চুরির ঘটনা অকপটে পুলিশের কাছে স্বীকার করে। শহিদুলকে বিচারের জন্য বৃহস্পতিবার (গতকাল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।