বিজ্ঞপ্তির শর্ত উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে দুই প্রভাষক নিয়োগের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাছাই কমিটি। গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎকার শেষে যে দুই প্রার্থীকে নিয়োগের জন্য সিন্ডিকেটের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে, তাঁদের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে কাঙ্ক্ষিত যোগ্যতা নেই।
বাছাই কমিটির একাধিক সূত্র জানিয়েছে, নিয়োগের সুপারিশ পাওয়া দুজন হলেন দিদারুল ইসলাম ও মোহসীন রেজা। দিদারুলের উচ্চমাধ্যমিক ও মোহসীনের মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম যোগ্যতা জিপিএ ৪.২৫-এর কম। তবে তাঁদের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কািঙ্ক্ষত যোগ্যতা (প্রথম শ্রেণি) রয়েছে।
বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করে পাঁচ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ অভিযোগ করেছিল, বিভাগের এক শিক্ষকের স্ত্রীর যোগ্যতা না থাকায় তাঁকে নিয়োগ দেওয়ার কৌশল হিসেবে আরও চারজনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘আবেদনের অযোগ্য পাঁচ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সুযোগ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে সহকারী অধ্যাপকের ছুটিজনিত শূন্যপদের বিপরীতে একজন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে আবেদনকারীর যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৪.২৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩.৫০ বা প্রথম শ্রেণি থাকতে হবে বলে উল্লেখ করা হয়।
এ সম্পর্কে জানতে বাছাই কমিটির প্রধান সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদের সঙ্গে গতকাল চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে বুধবার আবেদন করার যোগ্যতা না থাকলেও মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, কেবল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল দিয়ে কারও যোগ্যতা নির্ধারণ করা যায় না।