‘অযোগ্য’ পরিচালনা পর্ষদকে বিমানকর্মীদের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অযোগ্যতার’ অভিযোগে বাংলাদেশ বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সরকারকে ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি থেকে এই সময়সীমা বেঁধে দেন বিমানকর্মীরা। তাঁরা বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীকে প্রধান করে বিমান পরিবহন ব্যবসায় দক্ষ-যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। একই সঙ্গে আর কোনো সভা না করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদকে হুঁশিয়ার করে দেন কর্মীরা। পর্ষদের কাউকে বলাকা কার্যালয়ে ঢুকতেও দিচ্ছেন না তাঁরা। কর্মীদের ‘নিষেধাজ্ঞার’ কারণে গত বুধবার পর্ষদের উপ-কমিটির সভা হতে পারেনি। ১৬ মার্চ আরেকটি সভা হওয়ার কথা, সেটিও না করার জন্য গতকাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দিয়েছেন কর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, পরিচালনা পর্ষদ শিগগির ভেঙে দেওয়ার দাবিতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’। কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রকৌশল হ্যাঙ্গার পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে দুই হাজার কর্মী যোগ দিয়েছেন বলে পরিষদের নেতারা দাবি করেন।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান ও বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিপরায়ণ। তারা আগের পর্ষদের রেখে যাওয়া বিমানের ৫০০ কোটি টাকা নিঃশেষ করে গত তিন বছরে আরও এক হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এই পর্ষদকে ১৫ মার্চের মধ্যে ভেঙে দেওয়া এবং তাদের দুর্নীতির তদন্ত করে শাস্তি দেওয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় ১৬ মার্চ নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। এর আগে ৫ মার্চ বিমান শ্রমিক লীগ ও নির্বাচিত কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এই পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করে এবং গতকালের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।গত বুধবার রাতে সিবিএ ও বিমান শ্রমিক লীগের সঙ্গে বাংলাদেশ বিমান অফিসার্স অ্যাসোসিয়েশন, বিমান শ্রমিক ইউনিয়ন এবং পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু ও প্রকৌশলীদের চার সংগঠন বৈঠক করে। সব সংগঠন মিলে সিবিএ সভাপতি মশিকুর রহমানকে আহ্বায়ক করে গঠন করে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’। এই পরিষদের ডাকে সর্বস্তরের কর্মীরা গতকাল মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কিছু দাবি যৌক্তিক মনে করেন মন্ত্রী: গতকাল দুপুরে সাংবাদিকেরা সচিবালয়ে বিমানমন্ত্রী ফারুক খানের কাছে বিমানকর্মীদের এই আন্দোলন সম্পর্কে জানতে চান। মন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণতান্ত্রিকভাবে দাবি পেশ করার অধিকার সবার আছে। তবে আশা করব, তাঁরা বিমানের কার্যক্রম বিঘ্নিত না করে কর্মসূচি পালন করবেন।’ মন্ত্রী বলেন, ‘বিমানকর্মীরা দাবি নিয়ে আমার কাছেও এসেছিলেন। তাঁদের ২৮টি দাবির মধ্যে কয়েকটি দাবি যৌক্তিক মনে করি। এ জন্য এমডিকে (ব্যবস্থাপনা পরিচালক) বলেছি, সেগুলো বিবেচনা করতে।’পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি সম্পর্কে জানতে চাইলে ফারুক খান বলেন, ‘আমি মনে করি, বর্তমান পরিচালনা পর্ষদ চেষ্টা করে যাচ্ছে। তবে এও মনে করি, বিমানকে আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব।’ তিনি বলেন, সব কর্মীই বিমানের অংশ। তাঁরাও বিমানের ভালো চান। এ জন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।