ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এক মাস অচল করার ঘটনায় আবারও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল সোমবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে সমিতি এই দাবি জানায়।সংবাদ সম্মেলনে ছাত্রদের ক্লাস বর্জনে বাধ্য করা ও তাঁদের ‘অযৌক্তিক’ আন্দোলন উসকে দেওয়ার ক্ষেত্রে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের শাস্তি দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। পাশাপাশি অবিলম্বে সৎ ও যোগ্য কোনো শিক্ষককে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ারও দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ইব্রাহিম খান। লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক মীর মু সাক্বী কাওসার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ, শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য অশোক কুমার সেনগুপ্ত, চুয়েটের শিক্ষক আহসান উল্লাহ, কৌশিক দেব, আবু সাদাত মো. সায়াম প্রমুখ।