‘অর আর টমেটো দিয়া মাছের তরকারি খাওয়া অইলো না’
‘অর আর টমেটো দিয়া মাছের তরকারি খাওয়া অইলো না, আমারে রানবার কইয়া হেই যে গেল, আর তাজা ফিরা আইলো না। অহন এই তরকারি কেরা খাইবো, কেরা আমারে মা কইয়া ডাকব।’ কথাগুলো বলছিলেন ছাদ থেকে পড়ে নিহত স্কুলছাত্র শান্তর (১২) মা শিল্পী বেগম।শান্ত সাভার পৌর এলাকার ভাটপাড়ার দরিদ্র জসিম উদ্দিনের একমাত্র ছেলে এবং স্থানীয় ‘সিলভার ডেল’ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার রায়পাড়ায়। শান্তর মা জানান, গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে বাসায় ফিরে শান্ত টমেটো দিয়ে মাছের তরকারি খাওয়ার বায়না ধরে। ইচ্ছা পূরণ করতে তিনি ছেলেকে নিয়ে বাজারে গিয়ে মাছ আর টমেটো কিনে আনেন। মাকে বাসায় পৌঁছে দিয়ে শান্ত বিকেল পাঁচটার দিকে বাসার বাইরে খেলতে যায়। খেলাধুলা শেষে খাওয়ার পর তাঁর প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল। সে কারণে তড়িঘড়ি করে রান্নাও করেন তিনি। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি খবর পান, তাঁর ছেলে ছাদ থেকে পড়ে ব্যথা পেয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর আর সে জীবন্ত বাসায় ফেরেনি।স্থানীয় লোকজন জানান, শান্ত বন্ধুদের সঙ্গে এলাকার একটি পরিত্যক্ত একতলা ভবনের ছাদে খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ ছাদ থেকে পড়ে তার মাথা ফেটে যায় এবং সে অচেতন হয়ে পড়ে।