‘অরক্ষিত’ সীমান্ত দিয়ে আসছে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে নানা কৌশলে দেশে মাদকদ্রব্য ঢুকছে। বর্ষায় নৌকার তলায় আলাদা বাক্সে করে ফেনসিডিলের চালান আসে। এমনকি ছেলেকে সঙ্গে নিয়ে তার স্কুলব্যাগে গাঁজা ঢুকিয়ে পাচার করেন বাবা—এমন নজিরও আছে। জানা গেছে, দৌলতপুর উপজেলায় ভারতীয় সীমান্ত রয়েছে প্রায় ৪৬ কিলোমিটার। এর মধ্যে ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি ২৮ কিলোমিটার ‘অরক্ষিত’। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়া যায়। বর্ষায় লোকজনের ভরসা নৌকা।অনুসন্ধানে জানা গেছে, ‘অরক্ষিত’ সীমান্ত দিয়ে দেশে প্রতিদিনই গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও বলবর্ধক বড়িসহ নানা নেশাদ্রব্য ঢুকছে। এসব মাদক পাচারের কাজে শিশু থেকে শুরু করে নানা বয়সী নারীরা জড়িয়ে পড়েছে। গত ২৮ এপ্রিল সকালে উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তে এক মাদক ব্যবসায়ী বাবা তাঁর সাত বছর বয়সী ছেলের স্কুলব্যাগে গাঁজা ঢুকিয়ে তা পাচারের চেষ্টা চালান। এ সময় শিশুটি পুলিশের হাতে ধরা পড়ে। দরিদ্র পরিবারের নারীরা সামান্য টাকার বিনিময়ে নানা কায়দায় গাঁজা ও ফেনসিডিল পাচার করে। গত জুনে ভ্রাম্যমাণ আদালত গাঁজা ও ফেনসিডিল পাচারের দায়ে চারজন নারীকে দণ্ড দিয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারে রয়েছে।উপজেলায় প্রায় অর্ধশত স্থানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। এর সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রাগপুর, ধর্মদহ, চিলমারি, জামালপুর, বগমারি, ঠোটারপাড়া, রামকৃষ্ণপুর, মহিষকুণ্ডি, মরিচা, ফিলিপনগর, আবেদেরঘাট, বৈরাগিরচর, মথুরাপুর, হোসেনাবাদ, তারাগুনিয়া, কল্যাণপুর, আল্লারদর্গা, রিফায়েতপুর, বড়গাংদিয়া, খলিসাকুণ্ডি মাদকদ্রব্য কেনাবেচার স্থান হিসেবে পরিচিত। তারাগুনিয়া ও আল্লারদর্গায় স্পিরিট ও বাংলা মদ পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে চিলমারী এলাকার এক কৃষক বলেন, ‘মাদক ব্যবসায়ীদের প্রতিদিনই নৌকা ও সাইকেলে করে ফেনসিডিল ও গাঁজা আনতে দেখা যায়। ওদের কাছে অস্ত্রও থাকে। কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি পরে জানলে এলাকায় থাকা দায় হয়ে পড়ে। এ জন্য ভয়ে কিছু বলি না। এখানকার বেশির ভাগ মানুষই এ পেশার সঙ্গে জড়িত।’খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ১৪টি ইউনিয়নের মধ্যে রামকৃষ্ণপুর, চিলমারী, প্রাগপুর ও মরিচা এই চারটি ইউনিয়ন চরাঞ্চলের মধ্যে পড়েছে। এই চরাঞ্চলে বাংলাদেশি কোনো মুঠোফোনের নেটওয়ার্ক নেই। মাদক ব্যবসায়ীরা ওপারের মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভারতীয় মুঠোফোনের সিম দেশের সীমান্তে ব্যবহার করেন। যার ফলে কম খরচে ও স্বল্প সময়ে খুব সহজেই তথ্য আদান-প্রদান করা যায়। বর্ষায় ফেনসিডিলের ব্যবসা বেশি হয়। কারণ হিসেবে এক মাদক ব্যবসায়ী নাম গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, ভরা বর্ষায় চারপাশে শুধু পানি আর পানি। তখন অনেক নৌকা চলে। নৌকার তলায় আলাদা করে বাক্স বানানো হয়, যা পানির নিচে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নৌকায় করে ফেনসিডিল পদ্মা নদী হয়ে ফরিদপুর ও মাদারীপুরে চলে যায়। সেখান থেকে রাজধানী। আর এ জন্য তিনটি দল কাজ করে। একটি দল নৌকায় থাকে। একটি লাইন (যে পথ ধরে মাদক পাচার হবে) দেখাশোনা করে। আরেকটি দলের কাজ হচ্ছে, যে স্থানে মাদকদ্রব্য পৌঁছাবে সেখানে অবস্থান করা।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, ‘আমরা শুধু এলাকায় বা রাস্তায় টহল দিয়ে থাকি। সীমান্তে মাদক পাচার রোধে কাজ করেন বিজিবির সদস্যরা।’