'অরা খালি বাপেক পুড়্যাই মারেনি পরিবারেক ছারখার কর্যা দিচে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের হরতালে আগুনে পোড়া ট্রাকচালক শামসুল হকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন ষ ছবি: প্রথম আলো
জামায়াত-শিবিরের হরতালে আগুনে পোড়া ট্রাকচালক শামসুল হকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন ষ ছবি: প্রথম আলো

সদ্যই কুড়িতে পা দিয়েছেন। বিয়েও করেছেন। সংসারের দায়িত্ব এসে চাপল কাঁধে। নতুন বউকে ঘরে রেখে তাই সেই যে ট্রাকের স্টিয়ারিং (হাতল) ধরলেন, নেশা আর জীবিকার তাগিদে আর ছাড়লেন না। রাত-বিরাতে, শহর-বন্দরে ট্রাক চালিয়েছেন। ট্রাকে খেয়েছেন, ট্রাকেই ঘুমিয়েছেন। দেখতে দেখতে ৩৫টি বছর শামসুল হকের এভাবে ট্রাকেই কেটে গেল।
ট্রাক-পাগল শামসুল হককে (৫৫) অবশেষে থামানো গেছে। সারা জীবনের জন্য চলে গেলেন না ফেরার দেশে। গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত সপ্তাহে জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে বগুড়ার শেরপুর উপজেলার দশমাইল এলাকায় হরতাল-সমর্থকেরা শামসুল হকের ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন লেগে গেলে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুরের গন্ডগ্রামে।
গতকাল সোমবার দুপুরে শামসুল হকের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তখনো ঢাকা থেকে তাঁর লাশ এসে পৌঁছায়নি। দুই স্ত্রী গোলাপ বানু ও স্বাধীনা বেগম মেজো ছেলে লাবলুকে নিয়ে লাশ আনতে গেছেন। বাড়ির উঠানে বিলাপ করছেন দুই মেয়ে।
বড় মেয়ে সামছুন নাহার গত বছর বগুড়ার শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য বাবাকে হারিয়ে মেয়েটি পাগলপ্রায়। আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। প্রতিবেশীদের কোনো সান্ত্বনাই যেন তাঁকে শান্ত করতে পারছে না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন, ‘হামার আব্বুক তোমরা অ্যানে দাও, হামার আব্বু তো পাপ করেনি, আব্বুক কেন ওরা মারলো, হামি আব্বু হত্যার বিচার চাই।’
বেলা দুইটার দিকে শামসুল হকের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় বাড়িতে। উঠানে লাশ নামানোর সঙ্গে সঙ্গে স্বজনদের কান্না আর আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ছোট মেয়ে শারমিন আখতার বিলাপ করতে করতে বাকরুদ্ধ হয়ে পড়ে।
প্রতিবেশী নুরুল ইসলাম বলেন, অমায়িক মানুষ ছিলেন সামছুল। সহায় বলতে বসতভিটাটুকু। ট্রাক চালিয়েই কষ্ট করে সংসার চালাতেন। সাত সন্তান নিয়ে অভাবের মধ্যেও থাকলেও প্রতিবেশীরা বিপদে পড়লে এগিয়ে আসতেন।
শামসুল হকের মেজো ছেলে লাবলু মিয়া (২৫) বলেন, সংসারে ১২-১৩ জন সদস্য। তাঁর বাবার উপার্জনেই খরচ চলত। কেউ অভাব বুঝতে পারেনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অরা খালি হামার বাপেক পুড়্যাই মারেনি, গোটাল পরিবারেক ছারখার কর‌্যা দিচে।’