'অর্থনীতির স্বার্থে চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে'
দেশের বৃহত্তম অর্থনৈতিক স্বার্থেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটির নেতারা।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন, শাহরিয়ার খালেদ প্রমুখ।
মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামকে নামমাত্র বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছে। কিন্তু এর অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করা দরকার ছিল, তার কিছুই করা হয়নি। চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর নেতারা সরব থাকলেও এখন নীরব ভূমিকা পালন করছেন। কিন্তু বন্দর নগরের উন্নয়নে সবকিছুর ঊর্ধ্বে উঠে আবার সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে।
জেরিনা হোসেন বলেন, ‘প্রতিদিন নানা দুর্ভোগ নিয়ে আমাদের চলতে হয়। এখানে গণপরিবহনের ব্যবস্থা তথৈবচ। ফুটপাতে নাগরিকদের হাঁটার কোনো সুযোগ নেই। রাস্তা পার হতে গিয়ে পথচারীদের নিয়মিত প্রাণ দিতে হয়। সমতাভিত্তিক উন্নয়নের মাধ্যমে যে নগর গড়ে ওঠার কথা, তা চট্টগ্রাম নগরে হয়নি।’ তিনি আরও বলেন, যে শহরে ফুটপাত নেই, সে শহরে টানেল হবে সেটি কল্পনাও করতে পারি না। সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থা গড়ে তুললে আর উড়ালসড়ক নির্মাণের প্রয়োজন হয় না।