'অর্থমন্ত্রী আগুনে ঘি ঢেলেছেন'
ব্যাংক আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাব এবং এ নিয়ে সমালোচনার মুখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনড় অবস্থান আগুনে ঘি ঢেলেছে। এ মন্তব্য করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী।
আজ মঙ্গলবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাহজীব এ মন্তব্য করেন।
তাহজীব আলম সিদ্দিকী বলেন, ভোটের আগে বর্ধিত আবগারি শুল্ককে মানুষ অন্যায় আচরণ হিসেবে দেখে। ফলে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে।
অর্থমন্ত্রীর সমালোচনা করে তাহজীব আলম বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে অনড় অবস্থান বলে কিছু নেই। এটি সামরিক জান্তারা করতে পারে। গণতান্ত্রিক সরকার রাজনৈতিক প্রক্রিয়ায় বাজেট করে। জনমতকে আমলে নিতে হয়। তিনি বলেন, এটা সেনা সরকারের সময়ে মুহিত সাহেবের বাজেট নয়। গণতান্ত্রিক শাসনে সংখ্যাগুরুর মতামত না থাকলে বাজেট অর্থহীন। অর্থমন্ত্রীকেও তো নির্বাচন করতে হয়। জনগণের কাছে যেতে হয়।
তাহজীব বলেন, প্রস্তাবিত বাজেট মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ বাড়াবে। ভ্যাট আইন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভ্যাটের হার কমানোর আশা দিয়েও না কমিয়ে হতাশ করা হয়েছে। ভোট সামনে রেখে এই বাজেটের কৌশল মোটেও সুখকর নয়।
বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, কেউ এই বাজেটে খুশি হতে পারেনি। ধনীদের তুলনায় নিম্ন আয়ের মানুষের ওপর পরোক্ষ ও প্রত্যক্ষ করের বোঝা চাপানো হয়েছে। ১৫ শতাংশ ভ্যাট আদায়ের বিতর্ক আর আবগারি শুল্কের আলোচনায় ইতিবাচক দিকগুলো চাপা পড়ে গেছে। ভ্যাট এভাবে থাকলে কারখানা বন্ধ হয়ে যাবে। মুদ্রাস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ১ হাজার ৪৩টি পণ্য ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে, এটা শুভংকরের ফাঁকি। তিনি বলেন, ব্যাংক আমানতে বাড়তি আবগারি শুল্ক আরোপ হলে মানুষ অবৈধ মাধ্যমে লেনদেনে উৎসাহিত হবে। মানুষ ব্যাংকে টাকা রাখতে চাইবে না।
বাজেট আলোচনায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, শামসুল হক টুকু, সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।