‘অর্থমন্ত্রীর অঙ্গীকার দ্রুত সরাও কারাগার’
‘অর্থমন্ত্রীর অঙ্গীকার-দ্রুত সরাও কারাগার’ এ স্লোগানে সিলেট নগরের কেন্দ্রস্থল থেকে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করে উন্মুক্ত উদ্যান স্থাপনের দাবিতে নাগরিকবন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শনিবার বিকেলে নগরের জেলরোড মোড়ে নাগরিকবন্ধন পালন করা হয়। নাগরিকবন্ধনে বলা হয়, সিলেট নগরের কেন্দ্রস্থল থেকে কারাগার স্থানান্তর সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এ সরকারের শুরুতে সিলেট শহরতলির বাদাঘাট এলাকায় নতুন কারাগার স্থাপনকাজ শুরু হয়েছে। সরকারের চার বছর কেটে গেলেও কারাগার স্থানান্তর-প্রক্রিয়া ক্রমে বিলম্বিত হচ্ছে। অপরদিকে স্থানান্তরিত কারাগারে একটি উন্মুক্ত উদ্যান স্থাপনে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং উন্মুক্ত উদ্যান স্থাপনে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। নাগরিকবন্ধন চলাকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, তথ্য চিত্রনির্মাতা নিরঞ্জন দে, আদিবাসী পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের সভাপতি গৌরাঙ্গ মহাপাত্র, সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবদুল হাই প্রমুখ।