‘অর্থের মানদণ্ডে ভোট নয়’
‘অর্থের মানদণ্ডে ভোট নয়। অযোগ্য বিত্তবানদের আর নয়। সকাল-বিকাল যাঁকে পাই মেয়র পদে তাঁকে চাই।’ এ ধরনের স্লোগানসংবলিত ব্যানার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় টানানো হয়েছে। কোথাও কোথাও সাঁটানো হয়েছে পোস্টার। চায়ের দোকানগুলোতে নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা। এদিকে হারাগাছ পৌরসভার নির্বাচন ঘিরে প্রচারণায় নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর পদে লড়তে আগ্রহী ব্যক্তিরা। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) একাধিক প্রার্থী মাঠে নেমেছেন। নির্বাচনে মেয়র পদে লড়তে দলীয় সমর্থন চান হারাগাছ আওয়ামী লীগ পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিল আকতার, ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শামিউল ইসলাম। বিএনপির পৌর কমিটির সভাপতি ও বর্তমান পৌর মেয়র মামুনুর রশীদ, জেলা যুবদলের সহসভাপতি মোনায়েম হোসেন। জাপার হারাগাছ পৌর শাখার সহসভাপতি শমসের আলী ও সাদাকাত হোসেন। বিএনপির মোনায়েম হোসেন রংপুর জেলা বিএনপির সাবেক সাংসদ রহিমউদ্দিন ভরসার ভাগ্নে পরিচয়ে মাঠে নেমেছেন। সাদাকাত হোসেন জাপা নেতা সাবেক সাংসদ শাহ আলম সমর্থিত বলে প্রচার চালাচ্ছেন। এদিকে বর্তমান মেয়র মামুনুর রশীদ বিএনপির মূল ধারার বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘এবারও আমি দলের সমর্থন নিয়ে ভোট করব।’ মোনায়েম হোসেনও দলীয় সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বিড়িশিল্প অঞ্চল হিসেবে পরিচিত হারাগাছ পৌরসভায় বছরের পর বছর ধরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সড়কগুলো এবড়োখেবড়ো।