‘অর্ধেক তোমার অর্ধেক আমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীর তালিকা তৈরিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে তালিকা তৈরিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণে অনেক ইউনিয়নে তালিকা তৈরির কাজ বন্ধ আছে।গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দরিদ্র ও মধ্যবিত্তদের পুনর্বাসনে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে জেলার সাতটি উপজেলায় মোট ৮৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়। পল্লী উন্নয়ন বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতি উপজেলার চারটি ইউনিয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয়। একটি ইউনিয়নের পাঁচ গ্রাম এবং প্রতি গ্রামের ৬০ পরিবার প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। গ্রাম ও ইউনিয়ন বাছাই কমিটির মাধ্যমে তালিকা তৈরি করা হয়। বাছাই কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।সূত্র জানায়, সুবিধাভোগীদের কাউকে গরু, কাউকে টিন, কাউকে হাঁস-মুরগি ও অন্যান্য মালামাল দেওয়ার সিদ্ধান্ত হয়। গরু কেনার জন্য ২০ হাজার, টিন কেনার জন্য ১০ হাজার, হাঁস-মুরগি কিনতে পাঁচ হাজার, শাকসবজি চাষের জন্য এক হাজার ও বৃক্ষরোপণের জন্য এক হাজার টাকা করে দেওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কিছু ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও বেশির ভাগ ইউনিয়নে অনিয়মের কারণে তালিকা চূড়ান্ত করা যাচ্ছে না।সরেজমিন বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ ইউনিয়নে ঘুষ নিয়ে তালিকা করা হয়েছে। গত ২০ মার্চ সদর উপজেলার তিনটি ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তালিকা ভাগাভাগি নিয়ে চেয়ারম্যানের দ্বন্দ্ব বাধে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম বলেন, ইউনিয়নে মোট ৩০০ জন সুবিধাভোগীর মধ্যে আওয়ামী লীগ থেকে ১৫০ জনের নাম নেওয়ার কথা। কিন্তু নেওয়া হয়েছে ৫৯ জনের। তাই তালিকা তৈরির কাজ চূড়ান্ত হয়নি।কুপতলা ইউনিয়নের চাপাদহ গ্রামের দরিদ্র শাহজাহান মিয়া (৪০) অভিযোগ করেন, ‘চেয়ারম্যানের কাছে গরু কেনার জন্য প্রকল্পের বরাদ্দ থেকে ২০ হাজার টাকা চেয়েছিলাম। তাঁর একজন দালাল আমাকে বলেন, “তোমার নাম দিতে পারি এক শর্তে, অর্ধেক তোমার, অর্ধেক আমার।” আমি রাজি হইনি বলে আমার নাম তালিকাভুক্ত হয়নি। অথচ চেয়ারম্যানের ছেলে ও ভাইয়ের নাম তালিকাভুক্ত হয়েছে বলে শুনেছি। চেয়ারম্যান দালালদের মাধ্যমে টাকা নিচ্ছেন।’ কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ থেকে তালিকার অর্ধেক নাম দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তালিকায় আমার ছেলে ও ভাইয়ের নাম দেওয়া হয়নি।’খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কৃষক শাহ আলম (৪২) বলেন, ‘সরকারি দলের এক নেতাকে টাকা দিতে পারিনি বলে তালিকায় আমার নাম ওঠেনি।’ খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ সারওয়ার বলেন, দলের কোনো কর্মী টাকা নেয়নি। বরং নয় থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে একেকজনের কাছ থেকে চেয়ারম্যান-সদস্যরা ২০-৩০ হাজার টাকা নিয়েছেন। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিব আহসান বলেন, ‘টাকা নিয়ে তালিকা তৈরির সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একজন ইউপি চেয়ারম্যান বলেন, ‘তালিকা চূড়ান্ত করতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে টাকা দিতে হয়। তাই কিছু লোকের কাছ থেকে টাকা নিতে বাধ্য হচ্ছি।’ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন আলী ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের কৃষক ইউনুস আলী (৪৫) বলেন, ‘চ্যারমেনের দালাল হামাক কয়, যা ট্যাকা পাবেন তার অর্দ্দেক ট্যাকা চ্যারমেনোক দেওয়া নাগবে। অর্দ্দেক ট্যাকা দিলে হামাগেরে কী থাকে। তাক দিয়া কিচুই হবার নোয়ায়। ট্যাকা দিব্যার পাই নাই বলি হামাগেরে নাম দ্যায় নাই।’ ইদিলপুর ইউপির চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘বিভিন্ন মহল কোটাভিত্তিক তালিকা দিয়েছে। কে কার নামে টাকা চেয়েছে, জানি না। তবে আমার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়।’এমন চিত্র গোটা জেলায়। গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মুহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘ঘুষ নিয়ে তালিকা করার কথা শুনেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাইনি।’