‘অলা কয়দিন থাকতাম!’
মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের লোকজন অকালবন্যায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এসব এলাকার বাড়িঘর-রাস্তাঘাট-শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। খেতের ফসল আগেই নষ্ট হয়েছে। সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে কুলাউড়া ও জুড়ী উপজেলার বন্যাকবলিত কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ বাড়িঘরেই লোকজন নেই। হাওরের ঢেউয়ে কাঁচা বাড়িঘরের বেড়া ও ভিটার মাটি ধসে পড়েছে। কেউ কেউ মাচা বেঁধে ঘর পাহারা দিচ্ছেন। পরিবারের লোকজনকে পাশের আশ্রয়কেন্দ্র বা দূরের আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের আবদুল মিয়া (৫০) বলেন, ‘ফসল গেছে, বাড়িঘর ডুবি গেছে, অলা কয়দিন থাকতাম!’ ৮-১০ দিন আগে স্ত্রীসহ চার সন্তানকে নিয়ে তিনি স্থানীয় আশ্রয়কেন্দ্রে ওঠেন। গত এপ্রিলে উজানের পাহাড়ি ঢলে হাকালুকি হাওর উপচে তাঁর তিন বিঘা বোরো খেত তলিয়ে নষ্ট হয়ে যায়। কুলাউড়ার ভূকশিমইলের কাইরচক গ্রামের তোরাব আলী (৪৫) বলেন, ‘আওরোর (হাওর) পানি যাওয়ার তো রাস্তা নাই। বৃষ্টি দিলে উজান থাকি নামিয়া পানি আরও বাড়ের (বাড়ছে)।’ সড়কে পানি: দেখা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে কুলাউড়া-বড়লেখা সড়কের পুষাইনগর, ভুঁয়াই, আছুরিঘাট, জাঙ্গিরাই চত্বর ও হাতলিঘাট এলাকায় পানি বেড়ে গেছে। বাস চালকেরা জানিয়েছেন, সড়ক দিয়ে এখন ঝুঁকি নিয়ে বাস চলাচল করছে। তবে যেকোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে।দায়ী একটি বাঁধ?: জানা গেছে, ২০০৪ সালে সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকোয়ারি বিলের কাছে জুড়ী নদীর শাখার মোহনায় প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি মাটির বাঁধ নির্মাণ করে। স্থানীয় পিটাইটুক গ্রামকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়। এর আগে জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও হাওরের পানি শাখানদী হয়ে পাশের কুশিয়ারা নদীতে নিষ্কাশিত হতো।ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘এ রকম দীর্ঘ জলাবদ্ধতা আগে কখনো হয়নি। বুড়িকোয়ারি বিলের কাছে বাঁধ দেওয়ায় এ দুর্গতির সৃষ্টি হয়েছে। ’ সিরাজ উদ্দিন আহমদ জানান, তাঁর এলাকার ২০টি গ্রামের প্রায় ৩১ হাজার লোক পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। জুড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত জানান, জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার লোক দীর্ঘদিন ধরে পানিবন্দী। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘বাঁধটি অপরিকল্পিতভাবে করা হয়েছে। দ্রুত এটি কেটে না দিলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, ‘ফেঞ্চুগঞ্জের বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।’