'অল্প বয়সে মেয়েরা পালিয়ে যাচ্ছে, তাই...'
অল্পবয়সী মেয়েরা আজকাল আকছার পালিয়ে বিয়ে করছে, সে জন্যই বিয়ের বয়স কমানোর কথা ভাবা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিয়ের বয়স কমানোর পক্ষে এ যুক্তি তুলে ধরেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিয়ের বয়স কমানোর জন্য মারাত্মক চাপ রয়েছে।
স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে পাঁচ বছরমেয়াদি উন্নয়ন কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা অনুষ্ঠান ছিল গতকাল। সিরডাপে আয়োজিত ওই অনুষ্ঠানে জাহিদ মালেক বক্তৃতার মাঝখানে হঠাৎ করেই নারীর ক্ষমতায়নের কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘স্কুলগুলোয় মেয়েদের সংখ্যা অনেক বেড়েছে, এমনকি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের হার এখন বেশি। এসব কিছুই গর্ব করার মতো ব্যাপার। ইদানীং বিয়ের বয়স নিয়ে কথা হচ্ছে। আপনারা পত্রপত্রিকা মারফত শুনেছেন। আসলে প্রধানমন্ত্রীর ওপর বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের খুব চাপ। মেয়েরা নানা প্রয়োজনে বাইরে যাচ্ছে। তাদের মধ্যে পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, আকছার ঘটছে এসব ঘটনা। এটা বাস্তবতা।’
মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৬ বছর করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী গতকাল বিয়ের বয়স কমানোর পক্ষে নতুন এই যুক্তি দিলেন।