'অল্প ভূখণ্ডে এত মানুষ শান্তিতে, এটাই বড় ঘটনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা কথা বলা হচ্ছে। দেশে জঙ্গি সংগঠন আইএস আছে, এমনটা ঘোষণা দেওয়ার পাঁয়তারা চলছিল। এমনকি মন্ত্রীদের সঙ্গে বসেও এটা বলানোর চেষ্টা হয়েছে। সারা পৃথিবীতে নানা ঘটনার পরও বাংলাদেশে অল্প ভূখণ্ডে এত মানুষ শান্তিতে আছে, এটাই বড় ঘটনা।’

আজ সোমবার অষ্টম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের শেষ দিনের সমাপনী বক্তব্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আইএস স্থান না পায়, সে জন্য সম্মিলিতভাবে সরকার কাজ করছে। কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ দেশে জঙ্গি মাথাচাড়া দিতে পারেনি। তাঁর সরকার এটা হতে দেবে না। তিনি বলেন, এখন যেমন আইএস আছে আইএস আছে বলা হচ্ছে, তেমনি একইভাবে এক সময় পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে বলে সুর তোলা হয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচার চলছে, রায় সরকার কার্যকর করবে উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে দেশ অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে।
বক্তব্যে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করেন। তিনি বলেন, দেশে বসে তিনি এ দেশের মানুষকে হত্যা করেছেন। নির্বাচন বানচালের জন্য ও সরকার পতনের জন্য তিনি মানুষ হত্যা করেছেন। বিদেশে গিয়ে বিদেশি হত্যা করিয়েছেন। তিনি বলেন, দুজন বিদেশিকে হত্যা করা হয়েছে। একজন আহত হয়েছেন। সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করেছে। বাকি যারা হত্যাকারী, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি তাঁর সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত লাগবে।’
শেখ হাসিনা বলেন, তিনি নিজের জন্য নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছেন। আওয়ামী লীগ জনগণের কাজ করে। তিনি বলেন, তাঁর সরকারের যা কিছু অর্জন সব জনগণের জন্য।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বক্তব্য দেন।