'অশুভ শক্তিকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার সংস্কৃতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে থেকে নাটক পরিবেশনা করা কঠিক কাজ। এ ক্ষেত্রে কমলগঞ্জের মণিপুরি থিয়েটার সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। সংস্কৃতি হলো অশুভ শক্তিকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার।
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উৎসবে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। প্রতিষ্ঠার দেড় যুগ পূর্তিতে আদমপুর ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা নাটমণ্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য দেন মণিপুরি থিয়েটারের সভাপতি কবি ও নাট্যকার শুভাশিষ সমীর। সুশীল কুমার সিংহের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রীর সহধর্মিণী শাহীন আক্তার, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান প্রমুখ।
পরে কৃষ্ণ কুমারী দেবী ও থৈবি দেবী ধর্মীয় গান পরিবেশন করেন। আধুনিক গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পী সুনীতি সিনহা। লুবনা মরিয়মের নির্দেশনায় মণিপুরি নৃত্য পরিবেশন করেন ধ্রুমেল নৃত্য প্রকল্পের প্রশিক্ষক সুইটি দাশ চৌধুরী। পরে মৃদঙ্গ বাজিয়ে পুঙ চোলম পরিবেশন করেন বিধান সিংহ, নব কুমার সিংহ, বাবু চান সিংহ ও পূর্ণ চন্দ্র সিংহ। ধ্রুমেল প্রকল্পের প্রশিক্ষণার্থীরা ‘নন্দ দুলাল বালগোপাল’ এই গানের সঙ্গে তাণ্ডব ধারার নাচ পরিবেশন করেন।