'অশোক সেনের মতো গুণীদের বাঁচিয়ে রাখতে হবে'
‘যে জিতে যায়, সে সব নিয়ে যায়। রাজনৈতিক-সামাজিক সবখানেই এখন এমনই অবস্থা। খুব কম মানুষই আছে জিতে সমাজকে কিছু দিয়ে যায়। সাংবাদিক অশোক সেন এই কম সংখ্যক মানুষের মধ্যে একজন। এ ধরনের গুণী মানুষকে বাঁচিয়ে রাখতে হবে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন গতকাল শনিবার সাংবাদিক অশোক সেনের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেন।
প্রথম আলো যশোর বন্ধুসভা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে উদীচী মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন যশোর উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ডি এম শাহিদুজ্জামান। শুরুতে প্রয়াত অশোক সেনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণা করেন কাজী আবদুস শহীদ, হারুন-অর-রশীদ, ফখরে আলম, সাজ্জাদ গণি খান, প্রয়াত অশোক সেনের ছেলে অর্ণব সেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বস্তনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ অশোক সেনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যশোর শহরের বেজপাড়া এলাকার বাড়ির সামনের সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানান।
অশোক সেন প্রথম আলোর যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক ছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।