'অসতর্কতার' আগুনে পুড়লেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত তিনটায় সেহ্রি খেতে ঘুম থেকে ওঠেন নারগিস আকতার। উঠে দেখেন, লোডশেডিং চলছে। তাই মোমবাতি ধরানোর জন্য দেশলাইয়ের কাঠি জ্বালাতেই মুহূর্তে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে নারগিসসহ চারজন গুরুতর দগ্ধ হন।
গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘অসর্তকতাবশত গ্যাসের চুলা বন্ধ না করেই ঘরের বাসিন্দারা ঘুমাতে গিয়েছিলেন। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। এই অবস্থায় মোমবাতি ধরানোর সময় আগুন ধরে যায়। এতে ওই চারজন দগ্ধ হন।’
দগ্ধ ব্যক্তিরা হলেন দুই বোন কোহিনূর আকতার (১৯) ও সালমা আকতার (২১) এবং নারগিস আকতার (২০) ও তাঁর ভাই মো. নয়ন (১৭)। নয়ন ছাড়া বাকি তিনজন বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। নয়ন নগরের একটি শপিং সেন্টারে কাজ করে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, নয়নের শরীরের ৬০ শতাংশ, নারগিসের ৫০ শতাংশ, সালমার ৩১ শতাংশ ও কোহিনূরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, বদ্ধ ঘরে আগুন লাগায় সবারই কম-বেশি শ্বাসনালি পুড়ে গেছে। তিনি জানান, চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন নারগিস আকতার প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে চুলা বন্ধ করে রাত ১২টার সময় ঘুমাতে গেছি। কীভাবে গ্যাস বের হলো জানি না।’ কোহিনূর জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। গায়ে আগুন ধরে গেলে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। জেগে দেখেন, সবার গায়ে আগুন। বিছানায়ও আগুন।
মো. মনির নামে এক প্রতিবেশী জানান, সেহ্রির সময় হওয়ায় আশপাশের অনেকেই জেগে ছিলেন। চিৎকার শুনে লোকজন গিয়ে আগুন নিভিয়ে তাঁদের উদ্ধার করেন।