'অসমাপ্ত বিপ্লব' শেষ করার সুযোগ চাইলেন জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার জন্য আওয়ামী লীগকে আবার সুযোগ দিতে হবে। তিনি বলেন, নতুন ও আধুনিক একটি বাংলাদেশের জন্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রূপকল্প ২০২১, গত পাঁচ বছরের অর্জন, আগামী পাঁচ বছরের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জয়। অনুষ্ঠানে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সুচিন্তা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
জয় বলেন, পাঁচ বছরে দেশে ‘মারাত্মক পরিবর্তন’ হয়েছে। দুর্নীতি অর্ধেকে নেমে এসেছে। মানুষের আয় দ্বিগুণ হয়েছে। আগামী দিনে ক্ষমতায় এলে আয় আরও দ্বিগুণ হবে। জিডিপি ৮-১০ শতাংশে উন্নীত হবে। তিনি বলেন, ‘থ্রিজি আনা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আবার ক্ষমতায় এলে ফোরজি আনা হবে।’ তিনি আসন্ন নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অভিহিত করে বলেন, ‘এই নির্বাচনের ওপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ কী হবে।’
বিএনপির সমালোচনা করে জয় বলেন, ‘বিএনপির সময়ে আমরা ছিলাম “ফেইলর স্টেট”। আর এখন বলা হয় বাংলাদেশ হচ্ছে “নেক্সট ইলেভেন”। আর এটা হয়েছে মাত্র পাঁচ বছরে।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে বিরোধী দলের অনেক সমালোচনা রয়েছে। কিন্তু তারা কখনো বলে না তারা ভবিষ্যতে কী করবে? তারা কোনো ভবিষ্যতের পরিকল্পনা দেয় না। তারা বলে না, অর্থনীতি, জঙ্গিবাদ, সন্ত্রাসের জন্য কী করবে? কারণ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা তাদের সঙ্গেই আছে। তারা রাজাকারদের নিয়ে রাজনীতি করছে। তারা কীভাবে বলবে যে তারা জঙ্গিবাদ দমন করবে?’
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে জয় বলেন, কাজ না করে অপপ্রচার দিয়ে ক্ষমতায় আসার প্রচেষ্টা মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগ না এলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা আবার শেষ হয়ে যাবে। এই যে আজকের বিদ্যুৎ তা দুই বছরে শেষ হয়ে যাবে। সন্ত্রাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিএনপি এলেই আবার তারা চলে আসবে।
জয় বলেন, ‘হল-মার্ক, ডেসটিনি হলো হাওয়া ভবনের প্রতিষ্ঠান। তখন কি বিচার হয়েছে? গ্রেপ্তার হয়েছে? চুরি করার পর সরকারের দায়িত্ব বিচার করা। বর্তমান সরকার কর্তব্য পালন করেছে।’
জয়ের সঙ্গে অনুষ্ঠান মঞ্চে বসেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত, ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যান্ডশিল্পী মাকসুদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ এ আরাফাত।