'অসাধারণ ভদ্র ছিলেন জগলুল'

বিনয়ী, স্পষ্টবাদী ও অসাধারণ হৃদয়ের মানুষ ছিলেন সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী। যেমন ভালোবাসতেন খেতে, তেমনি খাওয়াতে। সুন্দর করে কথা বলে মাতিয়ে রাখতেন সবাইকে। জীবনভর মানুষের জন্য করে গেছেন, দিয়ে গেছেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে জগলুল আহমেদ চৌধূরীকে এভাবেই স্মরণ করেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজক ঢাকার হবিগঞ্জ অ্যাসোসিয়েশন। এতে সভাপতিত্ব করেন ওই সমিতির সভাপতি সি এম দিলওয়ার। অনুষ্ঠানের শুরুতে জগলুল আহমেদ চৌধূরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। এ ছাড়া পাকিস্তানের স্কুলে হামলায় নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘অসাধারণ ভদ্র ছিলেন জগলুল। কারও নিন্দা করতে পারতেন না। তিনি সবার গুণ দেখতেন। সবার মধ্যেই ভালো কিছু দেখতেন তিনি।’
সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জগলুল নিজের মেধা ও যোগ্যতা দিয়ে সাংবাদিকতার এমন একপর্যায়ে পৌঁছেছেন, যেখানে সবাই তাঁকে স্মরণ করেন। তিনি কূটনীতিক ছিলেন না, কিন্তু কূটনীতির আচার-আচরণ বা চর্চা তাঁর জানা ছিল।
সম্পর্কে নানা-নাতি ছিলেন—এমনটা উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘দেখা হলে দূর থেকেই বলতেন, “কেমন আছিস নাতি?”’
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘একজন জগলুল আহমেদ চৌধূরীকে আমরা পাব না। তবে তিনি আমাদের দিয়ে গেছেন অনেক কিছু।’
সাংবাদিক সালেহ চৌধুরী জানান, জগলুল আহমেদ চৌধূরীর নাম ছিল ‘সালেহ আহমেদ চৌধুরী’। একই জেলার দুই সাংবাদিকের একই নাম হওয়ায় নিজের নাম পরিবর্তন করেন জগলুল।
এ ব্যাপারে সালেহ চৌধুরীর ভাষ্য, ‘জগলুল আমার কথা বিবেচনা করে তার নাম পরিবর্তন করে। এ নাম পরিবর্তনের জন্য অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছিল তাকে।’
সভায় জগলুল আহমেদের মেয়ে অন্তরা আহমেদ চৌধূরী বলেন, ‘আমার বাবা কোন পর্যায়ের মানুষ ছিলেন, একজন মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, সেটা আপনারা সবাই জানেন। আমার বলার কিছু নেই। সব সময় একটা কথা বলতেন, “অন্যের কথা ভাবো, নিজের না”। দেওয়ায় হলো আনন্দ, নেওয়ায় না। দিতে শেখো।’
সব সময় জগলুল আহমেদের দেওয়া অন্যের উপকার করার দায়িত্ব পালন করতেন—এমনটা জানিয়ে বোন সেলিনা চৌধুরী বলেন, ‘আমার মাথায় ছায়া নেই।’
সভায় হবিগঞ্জ-৪ আসনের সাংসদ মো. মাহবুব আলি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। জগলুল আহমেদ চৌধূরীর আত্মার শান্তির জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।