চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেছেন, ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বড় অবদান ছিল তখনকার তরুণসমাজের। বুকের তাজা রক্ত ঢেলে তারা স্বাধীনতা এনেছে।’গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত তারুণ্য উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন এসব কথা বলেন।অনুপম সেন আরও বলেন, ‘আমরা খুব ভাগ্যবান। কারণ, আমাদের দেশের শতকরা ৬০ ভাগই তরুণ। ফলে বাংলাদেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা আশাবাদী, আমাদের তরুণেরাই জীবনের অসাধ্যকে সাধন করবে, অসম্ভবকে সম্ভব করবে। তাদের শক্তিতেই আমরা আগামীতে একটি অসাধারণ রাষ্ট্রে পরিণত হব।’ ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব’ শীর্ষক উৎসবের আয়োজন করে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়। অনুষ্ঠানে সহায়তা করেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা।অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে গতকাল আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানী পাবলিক কলেজ। রানার আপ হয় সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সৌমিক বড়ুয়া। বিতর্কের বিষয় ছিল ‘একাত্তরের মুক্তিযুদ্ধ একটি অসমাপ্ত যুদ্ধ।’ অনুষ্ঠানের শেষ পর্বে ছিল আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী দলগুলো নাচ, গান, আবৃত্তি, কৌতুক, মূকাভিনয় পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তৃতীয় হয়েছে যুগ্মভাবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ। গত মঙ্গলবার নগরের শিল্পকলা একাডেমীতে শুরু হয় দুই দিনব্যাপী ‘তারুণ্য উৎসব’।