'অসাবধানতাবশত' ছয়তলা থেকে পড়ে পুলিশের মৃত্যু
মিরপুর ১৪ নম্বরের পুলিশ লাইনস ব্যারাকের ছয়তলার বারান্দা থেকে পড়ে মো. শরিফুল ইসলাম (২০) নামে পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। ‘অসাবধানতাবশত’ পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শরিফুলের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উত্তর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র তিন মাস আগে তিনি পুলিশে যোগ দিয়েছিলেন।
শরিফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশের হেডকোয়ার্টার কোম্পানির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হালিম শেখ। তিনি প্রথম আলোকে বলেন, সকালে তাঁর সামনেই শরিফুল ৯ নম্বর ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যান। শরিফুল পায়ে ও মাথায় আঘাত পান। ওই ভবনেই শরিফুল থাকতেন। পরে তাঁরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হালিম শেখ বলেন, শরিফুল ওপর থেকে হঠাৎ করে নিচে পড়ে যান। ওপরে তখন কেউ ছিলেন কি না, সেদিকে তিনি খেয়াল করেননি। এদিকে বিকেলে মিরপুর ১৪ নম্বরের পুলিশ লাইনস ব্যারাকে গেলে এই প্রতিবেদককে ঘটনাস্থল দেখার অনুমতি দেওয়া হয়নি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামিম হোসেন প্রথম আলোকে বলেন, শরিফুল ছয়তলার বাসার রেলিংয়ে বসা ছিলেন। অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।