'অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এ হামলা মানা যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘আমাদের দেশ অসাম্প্রদায়িক সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে। এ অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এভাবে বারবার হামলা মেনে নেওয়া যায় না। আমরা এসবের সুষ্ঠু বিচার চাই।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হাসান আজিজুল হক এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ।
মানববন্ধনে প্রগতিশীল শিক্ষকসমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক মো. জুলফিকার আলী বলেন, ‘শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে হবে না, প্রতিবাদ করতে শিখতে হবে। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এত দিন বলে এসেছি, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এখন বলতে হবে ধর্ম যার যার, উপাসনালয় রক্ষার দায়িত্ব সবার। সবাইকে একসঙ্গে সবার বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, আমরা এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে সামাজিকভাবে বাস করি। এ দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, ঠিক তখনই শান্তিপূর্ণ এ দেশকে অশান্ত করতে কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
প্রগতিশীল শিক্ষকসমাজের সদস্যসচিব রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।