'অসুস্থ ও অপ্রস্তুত' মান্নানের পক্ষে দুদকের সাফাই
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু ‘অসুস্থ ও অপ্রস্তুত’ বলে তিনি হাজির হননি। অথচ তাঁর পক্ষেই সাফাই গাইল খোদ দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই প্রতিমন্ত্রী ‘অসুস্থ ও অপ্রস্তুত’ থাকায় হাজির হতে আবার সময় চেয়েছেন দুদকের কাছে।
এদিকে আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সাবেক এই প্রতিমন্ত্রীর দুদকের তলবে হাজির না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন দুদক কমিশনার সাহাবউদ্দিন। সাংবাদিকদের তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এই প্রতিমন্ত্রী দুদকের কাছে সময় চেয়েছেন। প্রতিমন্ত্রী নিজেকে ‘অসুস্থ এবং অপ্রস্তুত’ দাবি করে দুদকের কাছে আরও সময় চেয়েছেন।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে দুদকে আসার জন্য নোটিশ পাঠানো হয়। তাতে ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়।
কমিশনার সাহাবউদ্দিন বলেন, ‘আগামী সপ্তাহে প্রতিমন্ত্রী এবং আমাদের সুবিধার ওপর নির্ভর করে অন্য একটি তারিখ জানানো হবে।’
হলফনামা তথ্যানুযায়ী, পাঁচ বছরের মন্ত্রিত্বকালে সাবেক প্রতিমন্ত্রীর সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে। এই অতিরিক্ত সম্পদের অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে কমিশনার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি অনুসন্ধানাধীন। এখনই কিছু বলা সম্ভব নয়।’
বদির বিরুদ্ধে সম্পদ বিবরণী জমার নোটিশের সুপারিশ
কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন আজ বিকেলে কমিশনের কাছে জমা দিয়েছেন দুদকের উপপরিচালক আহসান আলী। এতে বদির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগের প্রাথমিক অস্তিত্ব পাওয়ার তথ্য রয়েছে। এসব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিতে কমিশনের কাছে অনুমোদন চেয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা।
উল্লেখ্য, গত রোববার দুদকের জিজ্ঞাসাবাদের পর আওয়ামী লীগের এই সাংসদ দুদকে সাংবাদিকদের কাছে দাবি করেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজ থেকেই সাংসদের পদ থেকে সরে দাঁড়াবেন।
গত ১২ জানুয়ারি সাত সাবেক সাংসদ-মন্ত্রী-প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় কমিশন। মূলত হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বেড়েছে, দুদক তাঁদের ওপর অনুসন্ধান করছে। পর্যায়ক্রমে অন্যদের সম্পদেরও অনুসন্ধান করা হবে বলে জানান কমিশনার সাহাবউদ্দিন।