'অসুস্থ' মুসা সময় চাইলেন

শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল রেঞ্জ রোভার মডেলের গাড়িটি ব্যবহার করছিলেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। ২১ মার্চ গাড়িটি আটক করেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় তদন্তের প্রয়োজনে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হতে বলা হয় তাঁকে। কিন্তু ‘অসুস্থতার’ কথা বলে কাল হাজির হতে অপারগতা জানিয়ে তিন মাসের সময় চেয়েছেন মুসা।
আজ বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের কাছে মুসা বিন শমসেরের পাঠানো এক আবেদনে উল্লেখ করা হয়, তিনি বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত। চিকিৎসক কাজী দীন মোহাম্মদ ও অধ্যাপক এম এ আজহারের কাছ থেকে সনদ সংযুক্ত করে আবেদনে মুসা বিন শমসের বলেন, তাঁর মুখের ডান পাশটি আংশিক পক্ষাঘাতে জর্জরিত। তাঁর বাক্শক্তিও লোপ পাওয়ায় সঠিকভাবে কথা বলতে পারছেন না। দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে তাঁকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, যেকোনো সময় তাঁর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে সশরীরে সাক্ষাতে বক্তব্য দিতে বর্তমানে অপারগতা প্রকাশ করেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তিন মাস সময় চেয়েছেন তিনি।

ধানমন্ডির একটি বাড়ি থেকে গত ২১ মার্চ গাড়িটি আটক করেন শুল্ক গোয়েন্দারা। কিন্তু আটক নিয়ে দিনভর চলে নাটকীয়তা। বেশ কয়েকবার স্থান পরিবর্তন করানো হয় গাড়িটির। কয়েক ঘণ্টা খোঁজখবর করে গাড়িটি জব্দ করা হয় ওই দিন বিকেলবেলা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাড়িটি ভুয়া আমদানি দলিলাদি দিয়ে (ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে) রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল। কাগজপত্র যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি-১০৪৫৯১১, তারিখ ১৩/১২/২০১১-এ ১৩০ শতাংশ শুল্ক প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয়। কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে। পাবনার ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন হওয়া গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন।
মুসা বিন শমসেরের আবেদনটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর আবেদনটি পরীক্ষা করে দেখছি। এটি বিবেচনা করা হবে কি না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর হাজির হওয়ার বিষয়ে সিদ্ধান্ত আরেকটি নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।’
এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবি নোটিশ পেয়ে একই ধরনের সমস্যার কথা উল্লেখ করে সময় চেয়েছিলেন মুসা। তাঁর সম্পদের বিষয়টি অনুসন্ধান করছিল দুদক। দুদকে পাঠানো চিঠিতে নানা ধরনের অসুস্থতার পাশাপাশি মুসা বলেছিলেন, তিনি মৃত্যু-আতঙ্কে (ডেথ ফোবিয়া) ভুগছেন।
আরও পড়ুন...
মুসার গাড়ি জব্দ নিয়ে দিনভর যা হলো