রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ডেটোনেটর ও অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটি) দাবি করেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য এবং গুলশান হামলায় অস্ত্র সরবরাহ করেছিলেন।
পুলিশ বলেছে, সিটি ইউনিটের সদস্যরা গত বুধবার রাতে ওই চারজনকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। তাঁদের কাছ থেকে ৭৮৭টি ডেটোনেটর (হাতে গ্রেনেড তৈরির মূল উপকরণ) ও একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাস থেকে দারুস সালাম এলাকায় নামেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এ ঘটনায় দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়েছে, গ্রেপ্তার চারজন ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, তাঁদের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে জেএমবির ছোট মিজান ওরফে তারা গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল (ডেটোনেটর ও জেল) ও পিস্তলসহ অন্যান্য অস্ত্র সংগ্রহ করেন। পরে ছোট মিজান অস্ত্র ও গ্রেনেড তৈরির কাঁচামালগুলো গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেন।