'অস্ত্রধারীদের দাপটে মানুষ আতঙ্কিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘর্ষে প্রায়ই প্রকাশ্যে দেশি-বিদেশি অস্ত্রের ব্যবহার দেখা যায়৷ অস্ত্রধারীদের দাপটে সাধারণ মানুষ আতঙ্কে থাকে। প্রায় সময় পুলিশের সামনে এসব ঘটনা ঘটলেও তারা নির্বিকার থাকে। এ ছাড়া ছিনতাই ও মেয়েদের উত্ত্যক্ত করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের টিলাগড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানগরের শাহ পরান থানার ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ করেন। এলাকাবাসীর আরও অভিযোগ, টংদোকানগুলোতে মাদকের রমরমা ব্যবসা চলছে। এতে করে শিক্ষার্থী থেকে শুরু করে কিশোরেরা মাদকাসক্ত হয়ে পড়ছে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার মিজানুর রহমান এলাকাবাসীর অভিযোগ শুনে শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক সপ্তাহের মধ্যে রাস্তার পাশের টংদোকানগুলোকে উচ্ছেদ করার নির্দেশ দেন।
মিজানুর রহমান বলেন, ‘এলাকাবাসীর সব অভিযোগ নোট করে নিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যে দলের হোক না কেন, অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হবে।’
এলাকাবাসী পুলিশ কমিশনারকে জানান, ছিনতাই, মাদক আর ইভ টিজিংয়ে (মেয়েদের উত্ত্যক্ত) জিম্মি হয়ে পড়েছে শাহ পরান থানার মানুষ। টিলাগড় পয়েন্ট, শাহ পরান মাজার পয়েন্ট, উপশহর, সুরমা গেট, বাইপাস পয়েন্ট, মজুমদারপাড়া, মীরাপাড়া, হাতিমবাগ, শাপলাবাগ, শাহ পরান সেতুসহ কয়েকটি স্থানে ছিনতাই ব্যাপক হারে বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্কুল-কলেজগামী ছাত্রী ও গৃহবধূরা এলাকার বখাটে যুবকদের উত্ত্যক্তের শিকার হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। উপশহর, টিলাগড়, শাহ পরান মাজার, সুরমা গেট এলাকায় যত্রতত্র গাড়ি রাখায় যানজট লেগেই থাকে।
শুরুতে স্বাগত বক্তব্য দেন শাহ পরান থানার ওসি শাখাওয়াৎ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা সৈয়দ মকসুদ আলী, ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান ও আবদুর রকিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি আজিজুর রহমান, শাহ পরান থানার ভূমিদাতা আবদুল মালিক, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, সাংবাদিক তুহিনুল হক প্রমুখ।
প্রত্যাহার নয়, বদলি: গতকাল প্রথম আলোর বিশাল বাংলায় ‘মাদকের আস্তানা উচ্ছেদে ব্যর্থ হওয়ায় ওসি প্রত্যাহার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ প্রকৃতপক্ষে এটি প্রত্যাহার নয়৷ দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় বদলি করা হয়েছে।