'অস্ত্রোপচার' শেষ হবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর জহুরুল ইসলাম সড়ক। মাঝ বরাবর কাটা, দেখে মনে হয় অস্ত্রোপচার চলছে। দুয়ারীপাড়া থেকে মিরপুর সাড়ে ১১ নম্বরে যাওয়ার অন্যতম এই সড়কটির এ দশা চার মাস ধরে।
সরেজমিনে দেখা যায়, সড়কটি খুঁড়ে ইট-মাটি তুলে দুই পাশে স্তূপ করা হয়েছে। ফুটপাতহীন রাস্তায় লোকজনকে হাঁটতে হচ্ছে ওই স্তূপের ওপর দিয়েই। কিছুদূর পর পর চারকোনা স্ল্যাব ঢালাই দিয়ে বসানো। এক পাশ দিয়ে কোনো রকমে রিকশা চললেও তা যেন দুর্গমগিরি পাড়ি দেওয়ার সমান। গাড়ি চলাচলের কোনো উপায় নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মার্চে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপ উপলক্ষে মিরপুর এলাকার রাস্তাঘাট উন্নয়নের সময় এই সড়কটি কাটা হয়। প্রায় তিন মাস হলো বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু উন্নয়নের নামে খোঁড়া রাস্তা আর ঠিক করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি খোঁড়ার পর পানি নিষ্কাশনের জন্য নতুন পাইপ বসানোর কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু সে কাজ আর শেষ হয়নি। পল্লবী থেকে মূল সড়কে যাওয়ার এই সড়কটি কেটেছে ডিএনসিসি, আর দুয়ারীপাড়া দিয়ে মূল সড়কে যাওয়ার অংশটি কাটছে ওয়াসা। ফলে ওই এলাকার মানুষজনের বের হওয়ার উপায় নেই।
পল্লবীর বাসিন্দা সাইদুর রহমান ক্ষোভের সঙ্গে বললেন, ‘রাস্তাটি দেখলে মনে হয়, যেন এর বুকে অস্ত্রোপচার চলছে।’
আরেক বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে তিনি স্কুলপড়ুয়া দুই ছেলেকে নিয়ে বাসা থেকে মিরপুর ১২ নম্বর ঘুরে বাসস্ট্যান্ডে যান। তাঁর মতে, ‘কার্পেটিং দরকার নেই, ইট-মাটি দিয়ে ভরাট করে দিক, যাতে রিকশাটা ঠিকমতো চলে।’
এ সড়কটি কেন চার মাস ধরে এভাবে আছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (পুর) খন্দকার মাহবুব আলম। তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরের মূল সড়ক কেটে অন্য পাশের সড়কে নিষ্কাশনের লাইন দেওয়া হবে। হয়তো এ কারণে মেরামতে দেরি হচ্ছে।
ডিএনসিসি সূত্র জানায়, ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ উপলক্ষে রাস্তা উন্নয়ন’ নামের প্রকল্পের অধীনে ওই সড়কটি খোঁড়া হয়েছিল। প্রকল্পটি ডিএনসিসির হলেও এটি বাস্তবায়নের দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর টু-ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন বিশ্বকাপ উপলক্ষে রাস্তা উন্নয়নের কাজ দেখভাল করে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ভূঁইয়া ব্রাদার্স।
এ কাজ দেখভালের দায়িত্বে থাকা সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এত দিন প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া যায়নি। জুনের শেষে বরাদ্দ পাওয়া গেছে। ২০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে এ কাজের ঠিকাদার তোফায়েল আহমেদ ভূঁইয়ার ব্যাখ্যা ভিন্ন। তাঁর দাবি, রাস্তায় যে স্ল্যাবগুলো বসানো হয়েছে, সেগুলো ঠিকমতো ঢালাই হতে প্রায় এক মাস লাগে। তাই অনেক দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। আর নিষ্কাশন লাইনের কাজেও সময় বেশি
লাগে।
এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন পল্লবীর জনৈক বাড়ির মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফসারউদ্দীন। তিনি বলেন, ‘একটা প্রকল্প কত দিন চলে? এত দিন ধরে কেটে রেখেছে। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আপাতত কিছু একটা করে দিক, যাতে লোকজন যাতায়াত করতে পারে।’