'অস্থিতিশীল পরিবেশ চাই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এ ব্যস্ত সড়কে গতকাল সারা দিনই কম গাড়ি চলতে দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে ছিল আতঙ্ক। ছবিটি সার্ক ফোয়ারা মোড় থেকে বিকেলে তোলা ষ সাবিনা ইয়াসমিন
রাজধানীর এ ব্যস্ত সড়কে গতকাল সারা দিনই কম গাড়ি চলতে দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে ছিল আতঙ্ক। ছবিটি সার্ক ফোয়ারা মোড় থেকে বিকেলে তোলা ষ সাবিনা ইয়াসমিন

চাইলে আরও দুই দিন গ্রামের বাড়িতে কাটিয়ে আসতে পারতেন রাতুল রায়। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর ছুটি ছিল। তাই শনিবার সন্ধ্যার পর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ফিরলে চলত।  কী হবে ২৫ অক্টোবর—এ আতঙ্কে    আগেভাগেই ফিরে এলেন। কারণ, রোববার থেকে অফিস করতে হবে তাঁর।
রাতুলের সঙ্গে আলাপ হলো গতকাল বৃহস্পতিবার দুপুরের পর কমলাপুরে তৃষা বাস কাউন্টারের পাশের চায়ের দোকানে। রাতুলের মতো আরও অনেকেই রাজনৈতিক অস্থিরতায় আটকা পড়ে যাওয়ার ভয়ে গতকাল ঢাকায় ফিরে এসেছেন।
পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরেছেন গোলাম রসুল। প্রেস ব্যবসায়ী রসুল জানান, ঈদের ছুটির পর প্রেসের শ্রমিকেরা সহজে ফিরতে চান না। তাই এখনো কাজ শুরু করতে পারেননি। এর মধ্যে যদি হরতাল শুরু হয়, বিরাট ক্ষতির মধ্যে পড়বেন তিনি।
রেলস্টেশন ও বাস টার্মিনালে অনেক মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেলেও বিকেল পর্যন্ত রাস্তাঘাট ছিল ফাঁকা। মতিঝিলের দিলকুশা এলাকায় কথা হয় চা-দোকানি নূরুল হোসেনের সঙ্গে। নূরুল বলেন, ‘ছুটির পরদিনও এত ফাঁকা ছিল না এ এলাকা। যাঁরা প্রতিদিন নিজের গাড়িতে করে অফিসে আসেন, তাঁদের বেশির ভাগই আজ গাড়ি আনেননি।’
নূরুলের চায়ের দোকানে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন আমানত শাহ সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠানের আইটি বিভাগের প্রধান মাহমুদুল হাসান। তাঁর মতে, ‘নির্বাচন নিয়ে দুই নেত্রীর প্রস্তাব-পাল্টা প্রস্তাবে সারবস্তু কিছু নেই। বরং পাল্টাপাল্টি প্রস্তাবের মধ্য দিয়ে তাঁরা এমন একটা অবস্থান নিয়েছেন যে, মনে হচ্ছে বিচার মানি কিন্তু তালগাছটা আমার। দুই দলের এ অনাস্থার মাঝখানে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হবে। আমরা সাধারণ কর্মজীবী মানুষ, খেটে খাই। আর যা-ই হোক, অস্থিতিশীল পরিবেশ চাই না।’

বিকেলে বামপন্থী একটি রাজনৈতিক দলের কর্মী অনিরুদ্ধ দাশের সঙ্গে দেখা হলো পুরানা পল্টন মোড়ে। আশপাশে পুলিশের বাড়াবাড়ি উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অবস্থা খারাপ দিকে যাচ্ছে। নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান তৃতীয় পক্ষকে ডেকে আনবে।’

বিকেলে রাস্তায় গাড়ির চাপ বাড়তে থাকে। সন্ধ্যায় দেখা গেল উপচে পড়া ভিড়। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির দীর্ঘ সারি লেগেছে ততক্ষণে। সারা দিন বিএনপির সমাবেশকে ঘিরে যে উৎকণ্ঠা ছিল, তা কেটে গেল সমাবেশের অনুমতি দেওয়ার পর। শাহবাগ মোড়ে রিকশাচালক আবদুল কাইউম বলেন, ‘শুনলাম, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তাই ভাঙচুরের ভয় কেটে গেছে। রাস্তায় নামছে প্রাইভেট কারের ঢল।’

শাহবাগের আড্ডায় অন্য দিনের মতো লোকজন দেখা গেল না। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. জুবায়ের বলেন, সবাই উৎকণ্ঠায় রয়েছেন। হয়তো এ কারণেই অনেকে আসেননি নিয়মিত আড্ডায়।

জুবায়ের বলেন, মনে হয় দুই দলের মধ্যে শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে। সমাবেশের অনুমতি দিয়ে সরকার ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ‘গাধা পানি খায়, তবে ঘোলা করে খায়।’