'অহন কেডা আমরারে দেখব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরার আব্বারে মাইরা হাত-পাও ভাইঙ্গালছে। আব্বারে হাসপাতালে ভর্তি করন লাগছে। অহন কেডা আমরারে দেখব?’ অঝোরে কাঁদতে কাঁদতে বলছিল ময়না (১০)। তার ছোট্ট দুটি ভাই রায়হান (৮) ও আরশাদের (৬) কান্নাও যেন আর থামে না।
শিশু তিনটির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বীর বাঘারি গ্রামে। বাবার নাম মো. রফিকুল ইসলাম। এক প্রতিবেশীর হাতে মারধরের শিকার হয়ে এখন হাসপাতালের বিছানায় রফিকুল। এদিকে তিন সন্তানসহ পুরো পরিবারটি এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
রফিকুল মূলত উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাসিন্দা। তবে বিয়ের পর ১৩-১৪ বছর ধরে বীর বাঘারি গ্রামে শ্বশুরবাড়িতে বাস করে আসছেন। তিনি গ্রামে গ্রামে ফেরি করে কটকটির (এক ধরনের খাবার) বিনিময়ে ভাঙারির মালামাল সংগ্রহ করেন।
রফিকুলের শ্বশুর মো. জৈন উদ্দিন (৬৮) জানান, তিনি বয়স্ক ভাতার টাকা পান। তাঁর স্ত্রী রাবিয়া ভিক্ষা করেন। আর রফিকুলের ভাঙারির ব্যবসায় মোটামুটি আয় হয়। এই দিয়ে পুরো পরিবারের আহার জোটে।
জৈন উদ্দিন অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল খারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়। এতে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বীর বাঘারি গ্রামের আবদুল কাদির। তাঁকে ভোট না দেওয়ার অভিযোগে রফিকুলকে গত ২০ জুন রড দিয়ে পেটান কাদিরের জামাতা একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৩৮)। এরপর থেকে রফিকুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন তাঁদের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে।
প্রতিবেশী প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর থেকে এ পর্যন্ত কয়েকজন সাংবাদিক ছাড়া কেউ অসহায় পরিবারটির খোঁজ নিতে আসেনি। প্রতিবেশী আনসার কমান্ডার আবদুল মোতালেব বলেন, খেটে খাওয়া একজন মানুষকে যেভাবে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে, তা অমানবিক। এ ঘটনার উপযুক্ত বিচার হওয়া উচিত।
রফিকুলের ছোট্ট সন্তানেরা বলে, তাদের সামনে তাদের বাবাকে মারধর করেন মিজানুর। এ সময় তারা মিজানুরের হাত-পা চেপে ধরে। এরপরও বাবাকে রক্ষা করতে পারেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিজানুর মারধরের কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ঘটনাটি নির্বাচনসংশ্লিষ্ট নয়, জমিজমা নিয়ে বিরোধসংক্রান্ত। রফিকুল সেদিন প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়ে তাঁর (মিজানুরের) ওপর হামলা করেছিলেন। নিজেকে বাঁচাতে তিনি রফিকুলকে মারধর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মোতালিব চৌধুরী বলেন, এ ঘটনায় মিজানুর, কাদিরসহ পাঁচজনকে আসামি করে ২৩ জুন থানায় মামলা হয়েছে। পুলিশ গতকাল শনিবার ওই গ্রামে দুই দফা অভিযান চালিয়েছে। তবে কাউকে ধরতে পারেনি।